GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / লাইফ স্টাইল / সঙ্গী আপনাকে ভালোবাসেন নাকি সামাজিক মর্যাদার জন্য কাছে আছেন?

সঙ্গী আপনাকে ভালোবাসেন নাকি সামাজিক মর্যাদার জন্য কাছে আছেন?

সম্পর্কে আপনার সঙ্গী সত্যিই ভালোবাসেন, নাকি নিজের সুবিধার জন্য পাশে রয়েছেন, তা বোঝা সবসময় সহজ নয়। শুরুতে সম্পর্কের সবকিছু সুন্দর মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গীর আচরণে স্বার্থের বিষয়টি প্রকাশ পেতে পারে। বিশেষ করে আপনার সামাজিক পরিচিতি, আর্থিক অবস্থান কিংবা সুযোগ-সুবিধাকে কেন্দ্র করে তাঁর আগ্রহ তৈরি হলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

সত্যিকারের ভালোবাসায় একজন মানুষ তাঁর সঙ্গীকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ করে নিতে চান। বন্ধু ও পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে আগ্রহী থাকেন। অন্যদিকে, সম্পর্কের আড়ালে ব্যক্তিগত সুবিধা খোঁজা কেউ সঙ্গীকে নিজের পরিচিত মহল থেকে দূরে রাখতে পারেন।

সম্পর্ক বিশেষজ্ঞদের আলোচনায় উঠে আসা এমন কিছু আচরণ খেয়াল করলে সঙ্গীর মনোভাব সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক ভালোবাসার আড়ালে স্বার্থ লুকিয়ে থাকার তিনটি লক্ষণ।

১. বন্ধু ও পরিবারের কাছে আপনাকে পরিচয় করিয়ে দিতে চান না

সুস্থ সম্পর্কের ক্ষেত্রে একে অপরের কাছের মানুষদের সঙ্গে পরিচিত হওয়া স্বাভাবিক বিষয়। আপনার সঙ্গী আপনাকে কীভাবে বন্ধু ও পরিবারের সামনে উপস্থাপন করছেন, সেটি লক্ষ্য করুন।

যদি তিনি আপনাকে পরিচয় করিয়ে দেওয়ার সময় আপনার ব্যক্তিত্বের চেয়ে পদমর্যাদা, আর্থিক অবস্থা কিংবা সামাজিক পরিচিতিকে বেশি গুরুত্ব দেন, তাহলে বিষয়টি ভেবে দেখা প্রয়োজন।

আবার কেউ যদি বারবার অজুহাত দেখিয়ে আপনাকে বন্ধুদের আড্ডা বা পারিবারিক অনুষ্ঠানে নিয়ে যেতে না চান, সেটিও সম্পর্কের ক্ষেত্রে প্রশ্ন তৈরি করতে পারে।

২. প্রকাশ্যে ভালোবাসা দেখালেও একান্তে গুরুত্ব দেন না

কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা অন্য মানুষের সামনে আপনার প্রতি ভালোবাসা প্রকাশ করছেন, মানেই তিনি ব্যক্তিগত জীবনেও আপনাকে সমান গুরুত্ব দিচ্ছেন, এমন নয়।

লক্ষ্য করুন, অন্যদের সামনে যেভাবে আপনার সঙ্গে আচরণ করেন, একান্তে থাকলে সেই আচরণ একই রকম থাকে কি না।

যদি প্রকাশ্যে সম্পর্কের উষ্ণতা দেখালেও ব্যক্তিগত সময়ে আপনাকে গুরুত্ব না দেন, আপনার অনুভূতি বুঝতে না চান কিংবা প্রয়োজনের সময় পাশে না থাকেন, তাহলে সম্পর্কটি নিয়ে ভাবার প্রয়োজন রয়েছে।

৩. আপনার সামাজিক মর্যাদা ও সুবিধার ওপর নির্ভর করে ভালোবাসা

সঙ্গীর সাফল্য ও সামাজিক অবস্থান নিয়ে গর্ববোধ করা স্বাভাবিক। কিন্তু সেই অবস্থানই যদি সম্পর্কের প্রধান আকর্ষণ হয়ে ওঠে, তাহলে সতর্ক হওয়া দরকার।

আপনার সামাজিক পরিচিতি, আর্থিক সামর্থ্য কিংবা অন্যদের কাছে গ্রহণযোগ্যতার কারণে সঙ্গী আপনার প্রতি আগ্রহ দেখাচ্ছেন কি না, সেটি খেয়াল করুন।

বিশেষ করে আপনার সামাজিক মর্যাদা বা আর্থিক অবস্থার পরিবর্তন হলে তাঁর আচরণও বদলে যাচ্ছে কি না, তা লক্ষ্য করা জরুরি। আপনার কাছ থেকে পাওয়া সুযোগ-সুবিধা কমে গেলে যদি তাঁর আগ্রহও কমে যায়, তাহলে সম্পর্কের পেছনে স্বার্থ কাজ করছে কি না, তা ভেবে দেখা উচিত।

সম্পর্কের ক্ষেত্রে কী করবেন?

সম্পর্কে এমন কোনো আচরণ চোখে পড়লেই তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন। নিজের অনুভূতি ও প্রত্যাশার বিষয়গুলো পরিষ্কারভাবে জানান।

তবে একই ধরনের আচরণ বারবার ঘটলে এবং সম্পর্কের মধ্যে সম্মান, গুরুত্ব ও আন্তরিকতার অভাব থাকলে নিজের অবস্থান নিয়ে নতুন করে ভাবুন।

মনে রাখবেন, সত্যিকারের ভালোবাসা শুধু কথায় প্রকাশ পায় না। পারস্পরিক সম্মান, বিশ্বাস, আন্তরিকতা এবং কঠিন সময়ে পাশে থাকার মধ্য দিয়েও তা প্রকাশ পায়।

Social Icons