GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / রাজনীতি / টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

আওয়ামী লীগের নেতাকর্মীদের টাকার বিনিময়ে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বিএনপির কিছু নেতাকর্মী। এমন অভিযোগ তুলে দলের ভেতরে থাকা ব্যক্তিদের সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডে দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) বিকালে রাজধানীর শাহজানপুরে ঢাকা-৮ সংসদীয় এলাকার পাঁচ থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা আব্বাস।

তিনি বলেন, আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে দেশে ফিরে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন বলে তারা খবর পাচ্ছেন। বিএনপির ভেতরে থাকা কিছু লোভী ব্যক্তি অর্থের বিনিময়ে তাদের আশ্রয় দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, বিএনপির কেউ যদি আওয়ামী লীগের এসব নেতাকে সহযোগিতা করেন, তাহলে বিষয়টি দলকে জানাতে হবে। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারীদের সতর্ক করে বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিকভাবে কোনো শক্তি না পেয়ে একটি শ্রেণি আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন স্থানে মিছিল-মিটিং করার চেষ্টা করছে। দেশে বিশৃঙ্খলা তৈরির এমন প্রচেষ্টা মেনে নেওয়া হবে না।

তবে গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার সবার রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, কেউ রাজনীতি করলে তাতে বাধা নেই। কিন্তু কোনো পক্ষ অপকর্মে জড়ালে বিএনপির নেতাকর্মীরা তা প্রতিহত করবে।

দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, বিএনপি এখনো পূর্ণ শক্তিতে মাঠে নামেনি। বৃষ্টির মধ্যেও ছোট পরিসরের এই সভায় মানুষের উপস্থিতি ও সাড়া দেখে ঢাকায় দলটি সক্রিয় হলে পরিস্থিতি কেমন হতে পারে, তা বুঝে নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শত্রুপক্ষের মিত্ররা বিএনপির বন্ধু হতে পারে না। দলের নাম ব্যবহার করে কেউ নিজের অবস্থান বা পরিচয় পরিবর্তনের চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাদ মোর্শেদ পাপ্পা সিকদার, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সোহাগ ভূঁইয়াসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Social Icons