বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার সঙ্গে থাকা তরুণী দিশাকে (১৯) সাত দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের পর রোববার আদালতে পাঠানো হয়েছে।
টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে দিশাকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ। পরিবারের দাবি, ওই দিন জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপের ফোন পেয়ে বাসা থেকে বের হয়েছিলেন তিনি।
পরদিন বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরখান থানার তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
তদন্তের অংশ হিসেবে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মরদেহ উদ্ধারের আগের রাতে দ্বীপের পাশাপাশি তাহসিফের সঙ্গে ছিলেন দিশাও। সোনারগাঁ জনপদের পাশের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারের ক্যামেরার ফুটেজ অনুযায়ী, রাত ১০টা ১৭ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত সেখানে অবস্থান করেন তারা।
ফুটেজে আরও দেখা যায়, একই মোটরসাইকেলে করে তাহসিফ ও দিশা ওই বারে যান এবং পরে একই মোটরসাইকেলে সেখান থেকে চলে যান।
তাহসিফের মৃত্যুর ঘটনায় তার বাবা কে এম এনায়েতুল করিম হত্যা মামলা করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে শাহরিয়ার রেজা দ্বীপকে। বর্তমানে তিনি নৌ পুলিশের চার দিনের রিমান্ডে রয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় দ্বীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এবার দিশাকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।









