Home / রাজনীতি / সবার অংশগ্রহণে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের লক্ষ্য ছিল জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের অন্যতম প্রধান দিক।

সবার অংশগ্রহণে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের লক্ষ্য ছিল জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের অন্যতম প্রধান দিক।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে একটি অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, জাতীয় ঐক্য, ধর্মীয় সম্প্রীতি এবং দেশপ্রেমের যে আদর্শ জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন, তা এখনো দেশের মানুষের কাছে অনুসরণীয়।

সোমবার (৮ জুন) রাতে রাজধানীর বাসাবোতে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রার্থনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংক্ষিপ্ত জীবনী পাঠ করা হয়। পরে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সময়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যখন দেশের রাজনৈতিক নেতৃত্ব কার্যত ব্যর্থ হয়ে পড়েছিল এবং অনেকে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। তিনি এ সময় দেশের অর্থনীতি পুনর্গঠনে জিয়াউর রহমানের ভূমিকার কথাও স্মরণ করেন।

তিনি আরও বলেন, “১৯৭১ সালে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই একসঙ্গে যুদ্ধ করেছি। ৭১ আমাদের অস্তিত্ব, এটি আমরা অস্বীকার করতে পারি না।”

মির্জা ফখরুল বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সততা ও নীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি সব ধর্মের মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তার দেখানো পথ অনুসরণ করেই আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই।”

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

Social Icons