GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / ব্রিকস সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণের প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট নয় ঢাকা

ব্রিকস সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণের প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট নয় ঢাকা

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ১৮তম ব্রিকস সম্মেলন। সম্মেলনে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও সেই আমন্ত্রণের প্রক্রিয়ায় ঢাকা সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেয়ার সুযোগ নেই।

২০২৩ সালে ব্রিকসের সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল বাংলাদেশ। এর তিন বছরের মাথায় সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেয়ার সুযোগ না থাকায় বিষয়টি সদস্য রাষ্ট্রগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করবে বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজ রহমান

তিনি বলেন, বাংলাদেশ সদস্য হতে চেয়েছিল, এখন আর চায় না, বিষয়টি এমন নয়। তবে অন্যরা এই সিদ্ধান্তকে ভিন্নভাবে দেখার সুযোগ পেতে পারে। বিমসটেককে প্রতিনিধিত্ব না করার সিদ্ধান্ত বাংলাদেশ এককভাবে নিতে পারে কি না, এমন প্রশ্নও উঠতে পারে বলে মন্তব্য করেন তিনি।

মাহফুজ রহমানের মতে, সাধারণ পরিস্থিতিতে এ ধরনের প্রশ্ন ওঠে না। তবে টানাপোড়েন ও তিক্ততার মতো বিষয় যুক্ত হলে নানা প্রশ্ন সামনে আসতে পারে।

বাংলাদেশের এমন সিদ্ধান্তে কার লাভ বা কে খুশি হবে, এমন প্রশ্নের জবাবে সাবেক এই রাষ্ট্রদূত বলেন, ব্রিকসের সদস্য দেশগুলোর মধ্যে সক্ষমতার দিক থেকে চীন এগিয়ে। ফলে সদস্য সংখ্যা বাড়লে এর সুবিধা শেষ পর্যন্ত চীন বেশি পেতে পারে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ ব্রিকসের সদস্য হলে চীন যেভাবে সুবিধা পাবে, বাংলাদেশ সেভাবে সুবিধা নাও পেতে পারে। একই সঙ্গে ব্রিকস সম্মেলনে বাংলাদেশকে যেভাবে আমন্ত্রণ জানানো হয়েছে, এর পেছনে ভারতের কোনো উদ্দেশ্য ছিল কি না, সেটিও প্রশ্ন হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের করণীয় প্রসঙ্গে মাহফুজ রহমান বলেন, বাংলাদেশ যদি সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে পারস্পরিক সম্পৃক্ততা কিছুটা ঝুঁকির মধ্যে পড়তে পারে। এ পরিস্থিতি সামাল দিতে অন্যান্য উদ্যোগের মাধ্যমে সম্পর্কের ভারসাম্য ধরে রাখার চেষ্টা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

Social Icons