GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জীবনযাপন ও স্বাস্থ্য / স্বাস্থ্য / মুগদা হাসপাতালে অনিয়মের অভিযোগের সত্যতা পেলেন স্বাস্থ্যমন্ত্রী

মুগদা হাসপাতালে অনিয়মের অভিযোগের সত্যতা পেলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি ব্যবস্থাপনায় রক্তসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করিয়ে আনার অভিযোগের সত্যতা পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এ অনিয়মের প্রমাণ পান। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার কাগজপত্র ও বিভিন্ন পরীক্ষার রিপোর্ট দেখেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যে অভিযোগ শুনে এখানে এসেছি সেটা শতভাগ সত্যি।’ ডেঙ্গু শনাক্তে সরকারি হাসপাতালে পরীক্ষার সুবিধা থাকা সত্ত্বেও বাইরের ডায়াগনস্টিক সেন্টার জমজম, সততা ও সান থেকে লোক এসে রোগীদের রক্ত সংগ্রহ করে নিয়ে যাওয়ার প্রমাণ পেয়েছেন বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, হাসপাতালে পরীক্ষার সুবিধা থাকা সত্ত্বেও বাইরে থেকে লোক এসে রক্ত নিয়ে যাচ্ছে। এ বিষয়ে তিনি প্রশ্ন তোলেন, রোগীদের কেন বাইরে পরীক্ষা করাতে হবে।

সাংবাদিকদের সামনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাগজ দেখিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি অর্থে রোগীদের পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে। এরপরও বাইরের লোক এসে রোগীদের নমুনা সংগ্রহ করে নিয়ে গেলে এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হবে।

পরিদর্শনের সময় হাসপাতালের রোগী ও স্বজনরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে বিভিন্ন ভোগান্তির কথাও তুলে ধরেন। বিশেষ করে লিফট নিয়মিত চালু না থাকা এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগী ও স্বজনদের একাধিক তলায় যাতায়াত করতে হওয়ার অভিযোগ করেন তারা।

এক রোগীর স্বজন বলেন, লিফট নিয়মিত চালু থাকলে গুরুতর অসুস্থ রোগীদের জন্য অনেক সুবিধা হতো। বর্তমানে পরীক্ষার জন্য রোগী ও স্বজনদের এক তলা থেকে আরেক তলায় যেতে হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। রোগীদের চিকিৎসা কীভাবে চলছে, কোন কোন পরীক্ষা করা হয়েছে এবং রিপোর্ট কোথা থেকে এসেছে, সেসব বিষয়েও তিনি খোঁজ নেন।

এ সময় ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে হাসপাতালগুলো প্রস্তুত রয়েছে। রোগীর সংখ্যা বাড়লে চিকিৎসা সক্ষমতা আরও বাড়ানো হবে।

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রতিরোধমূলক অভিযান জোরদার করার কথাও জানান তিনি। স্বাস্থ্য খাতের অনিয়মের বিরুদ্ধে এ ধরনের সরেজমিন পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

Social Icons