Home / দেশ / নারায়ণগঞ্জে ময়লার ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জে ময়লার ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) একটি বর্জ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ছাত্রদল ও যুবদলের দুই নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ছয়টার দিকে জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুক্তিকান্দি গ্রামের নান্নু খন্দকারের ছেলে আব্দুল কাদির জিলানী (২৬)। তিনি ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

নিহত অপরজন হলেন পটুয়াখালীর দশমিনা উপজেলার চাঁদপুরা গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. মাসুম বিল্লাহ (২৭)। তিনি কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার সময় তারা একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। একই সড়কে চলাচলরত নাসিকের একটি বর্জ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে দুজনই ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই শাহ আলম জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের কেউ বলছেন ট্রাকটি পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়, আবার কেউ দাবি করছেন ওভারটেক করার সময় দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তদন্ত চলমান রয়েছে।

জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন বলেন, মাসুম বিল্লাহ নিজে মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং তার সঙ্গে ছিলেন ছাত্রদল নেতা জিলানী। তারা একটি অনুষ্ঠানে যোগ দিতে দশপাইপ এলাকায় যাচ্ছিলেন।

এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে নাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আলমগীর হিরণের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রকৃত কারণ উদ্ঘাটন ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Social Icons