Home / খেলা / ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, যেভাবে দেখবেন খেলা

ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, যেভাবে দেখবেন খেলা

২০২৬ বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে বুধবার (১০ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় আইসল্যান্ডের বিপক্ষে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের জর্ডান-হেয়ার স্টেডিয়ামে।

হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা এই ম্যাচটিকে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে। এটি কোচ লিওনেল স্ক্যালোনির জন্য শেষবারের মতো পরীক্ষা-নিরীক্ষার মঞ্চও হতে পারে।

গ্রুপ পর্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে।

দলের জন্য বড় সুখবর হিসেবে চোট কাটিয়ে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি। ইন্টার মায়ামিতে খেলার সময় পাওয়া পেশির চোট থেকে সেরে উঠে তিনি আইসল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, মেসি মাঠে থাকবেন, তবে কতক্ষণ খেলবেন তা এখনো নিশ্চিত নয়। অনুশীলনের পর তার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো ধরনের ঝুঁকি না নিয়ে পরিকল্পনা অনুযায়ী তাকে ব্যবহার করা হবে বলেও জানান তিনি।

স্কালোনি জানান, নাহুয়েল মলিনা, গনসালো মন্টিয়েল, নিকো পাজ ও জুলিয়ান আলভারেজ ধীরে ধীরে পূর্ণ ফিটনেসে ফিরছেন। তবে চোটের কারণে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন লিওনার্দো বালেরদি। তার বিকল্প নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, আইসল্যান্ড ম্যাচের পর বিষয়টি আরও স্পষ্ট হবে এবং দলের অন্য খেলোয়াড়দের শারীরিক অবস্থাও বিবেচনায় নেওয়া হবে।

অন্যদিকে, ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে আইসল্যান্ড এই ম্যাচটিকে গুরুত্ব দিচ্ছে। কোচ আরনার গুন্নলাউগসনের দল মূলত রক্ষণভিত্তিক কৌশল ও দ্রুত কাউন্টার অ্যাটাকের ওপর নির্ভর করবে।

২০১৮ বিশ্বকাপে দুই দলের একমাত্র সাক্ষাৎ ১-১ গোলে ড্র হয়েছিল। তবে বর্তমান ফর্মে আর্জেন্টিনা এগিয়ে আছে—টানা পাঁচ জয়ে আত্মবিশ্বাসী স্কালোনির দল, বিপরীতে শেষ পাঁচ ম্যাচে জয়হীন আইসল্যান্ড।

আর্জেন্টিনার আক্রমণে নজর থাকবে লাওতারো মার্টিনেজের দিকে, যিনি সাম্প্রতিক সময়েও গোল করে ফর্মে আছেন।

সম্ভাব্য একাদশে আর্জেন্টিনা ৪-৩-৩ ফরমেশনে মাঠে নামতে পারে, আর আইসল্যান্ড খেলতে পারে ৫-৪-১ ছকে।

ঘরে বসেই ম্যাচটি সরাসরি দেখা যাবে ইএসপিএন, ইএসপিএন ডিপোর্তেসসহ একাধিক অনলাইন প্ল্যাটফর্মে।

Social Icons