Home / প্রবাসের খবর / আইনি সহায়তা / শাপলা চত্বরের ঘটনায় ৭১ টিভির ভিডিও ফুটেজ তলব করা হয়েছে।

শাপলা চত্বরের ঘটনায় ৭১ টিভির ভিডিও ফুটেজ তলব করা হয়েছে।

sapla chottor

২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ঘটে যাওয়া ঘটনার তদন্তের অংশ হিসেবে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘৭১ টিভি’র সম্প্রচারিত ভিডিও ফুটেজ, লাইসেন্সের কপি এবং সংশ্লিষ্ট অন্যান্য নথি চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বুধবার (১০ জুন) তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর মোহাম্মদ শহিদুল্যাহ্ চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিটি গত ৮ জুন ৭১ টিভি কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, চলমান তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। তদন্তকারী কর্মকর্তা মো. ইফতেখারুল আলম ২০১৩ সালের ৫ ও ৬ মে হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মসূচিকে কেন্দ্র করে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনার তদন্ত করছেন।

তদন্ত সংস্থার মতে, ঘটনাটিতে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে এবং সে অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ৩(২) ধারায় তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তদন্তের স্বার্থে সরকার কর্তৃক অনুমোদিত ৭১ টিভির সম্প্রচার লাইসেন্সের অনুলিপি, ঘটনাসংক্রান্ত প্রচারিত ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রাসঙ্গিক নথি সরবরাহ করতে অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেছে তদন্ত সংস্থা।

উল্লেখ্য, শাপলা চত্বরের ঘটনাকে ঘিরে দীর্ঘদিন ধরেই বিচার ও দায় নির্ধারণের দাবি উঠে আসছিল বিভিন্ন মহল থেকে। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ সংক্রান্ত তদন্ত কার্যক্রম নতুন করে গতি পেয়েছে।

Social Icons