Home / প্রবাসের খবর / আইনি সহায়তা / হাইকোর্টে শিশু রামিসা হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

হাইকোর্টে শিশু রামিসা হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

রামিসা

হাইকোর্টে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, রাষ্ট্রপক্ষ থেকে মামলার শুনানিতে কোনো মুলতবি আবেদন করা হবে না।

বৃহস্পতিবার (১১ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করেছেন। ওই বিশেষ বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর আদালতে তিনি রাষ্ট্রপক্ষের অবস্থান তুলে ধরে জানিয়েছেন, রামিসা হত্যা মামলার শুনানিতে কোনো মুলতবির আবেদন করা হবে না এবং বিরতিহীনভাবে শুনানি চালানো হবে।

তিনি আরও জানান, আগামী রবিবার হাইকোর্টের কার্যতালিকায় মামলাটি অন্তর্ভুক্ত হতে পারে।

গত ৯ জুন রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের ডেথ রেফারেন্স অনুমোদনের নথি হাইকোর্টে আসে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের স্বাক্ষরের পর এই নথি হাইকোর্টে পাঠানো হয়।

ফৌজদারি মামলায় মৃত্যুদণ্ড কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়, যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত।

এর আগে ৭ জুন পল্লবীর ওই ঘটনায় বিচারিক আদালত সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। রায়ে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়, যা ভুক্তভোগীর আইনগত উত্তরাধিকারীদের পাওয়ার কথা বলা হয়েছে।

আদালত তার পর্যবেক্ষণে বলেন, ঘটনার আগে ধর্ষণ ও একাধিক আঘাতের প্রমাণ পাওয়া গেছে এবং আসামির স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন না থাকায় দোষ প্রমাণিত হয়েছে। এছাড়া অপর আসামির সহযোগিতার বিষয়টিও আদালতের রায়ে উল্লেখ করা হয়।

Social Icons