Home / রাজনীতি / ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার সুরক্ষায় পৃথক অধিদফতর গঠনের প্রত্যাশা মির্জা ফখরুলের

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার সুরক্ষায় পৃথক অধিদফতর গঠনের প্রত্যাশা মির্জা ফখরুলের

mirja fokrol

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে স্বতন্ত্র অধিদফতর গঠনের আশ্বাস মির্জা ফখরুলের

দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জনগণের শিক্ষা, কর্মসংস্থান ও সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে পৃথক একটি অধিদফতর প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১০ জুন) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ বিএনপির ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা, শিক্ষার সুযোগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানোর বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারও উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জনগণ শুধু ভোটার হিসেবেই নয়, বরং বিএনপির পক্ষে সক্রিয়ভাবে কাজ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের এই সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও জানান, সংরক্ষিত নারী আসনের মাধ্যমে ইতোমধ্যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতে সংসদের উচ্চ কক্ষেও তাদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এছাড়া দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি, কর্মসংস্থানের ক্ষেত্র সম্প্রসারণ এবং সহজ শর্তে ঋণ সুবিধা প্রদানের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে পৃথক অধিদফতর গঠনের বিষয়টি সরকার বিবেচনায় নেবে বলেও উল্লেখ করেন।

সভায় বক্তব্য দিতে গিয়ে বিজন কান্তি সরকার বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। তিনি বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের নার্সিং পেশায় আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানান এবং এ লক্ষ্যে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তাদের জীবনমান উন্নয়ন এবং অধিকার নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

Social Icons