চট্টগ্রামের হাটহাজারীতে পেনগান তৈরির একটি গোপন কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।
কলমের মতো দেখতে এই অস্ত্র সহজেই পকেটে বহন করা যায়। বাইরে থেকে দেখলে এটি সাধারণ কলম বলেই মনে হয়।
পুলিশের অভিযানে একটি পেনগানসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় অস্ত্র সরবরাহকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন মো. জামাল হোসেন ওরফে জামাল মিস্ত্রি (৪৪) এবং মো. কবির (৪৭)।
পুলিশ জানায়, সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, পেনগান আকারে ছোট হওয়ায় এটি সহজে লুকিয়ে বহন করা যায়।
সাধারণ অস্ত্রের মতো এর আকৃতি স্পষ্ট না হওয়ায় অপরাধীরা এটি ব্যবহার করে অতর্কিত হামলা চালাতে পারে।
পুলিশ জানায়, হাটহাজারীতে একটি চক্র দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি ও সরবরাহ করছে- এমন তথ্যের ভিত্তিতে নজরদারি শুরু করা হয়।
পরে সোমবার রাত আনুমানিক ২টার দিকে মির্জাপুর ইউনিয়নের মনসুরাবাদ কলোনি এলাকায় অভিযান চালানো হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, হাটহাজারীর সরকারহাট বাজারের একটি সিএনজি অটোরিকশার ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরি করা হতো।
তিনি বলেন, ওয়ার্কশপটির স্বাভাবিক কার্যক্রমের আড়ালে দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরির কাজ চলছিল।
তৈরি করা অস্ত্র বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করা হতো বলেও জানান তিনি।
পুলিশ এখন ওই কারখানায় তৈরি অস্ত্র কোথায় সরবরাহ করা হয়েছে এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে।

