ইসরাইলে গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। একই সঙ্গে দেশটির রাষ্ট্রীয় কাঠামো দুর্বল হয়ে পড়ার ঝুঁকির কথাও উঠে এসেছে একটি গোপন মূল্যায়নে।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সিআইএর বিশেষ শাখা ‘রেড সেল’ তৈরি করা ‘ফ্র্যাকচার ফ্রম উইথিন’ বা ‘ভেতর থেকে ফাটল’ শিরোনামের মূল্যায়নে এসব আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। সোমবার (৪ অক্টোবর) এ সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসে।
মূল্যায়নে বলা হয়েছে, ইসরাইলের আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে একাধিক সংকট একই সময়ে তীব্র হয়ে উঠেছে। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক মন্দা, ব্যাপক সামরিক ব্যয় এবং রাজনৈতিক অস্থিরতা।
পশ্চিম তীরে ইসরাইলি বসতিস্থাপনকারীদের সহিংসতা নিয়েও উদ্বেগ রয়েছে। একই সঙ্গে অতি-অর্থোডক্স ইহুদি পুরুষদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে ছাড় দেওয়ার বিষয়টি সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়াচ্ছে।
ইসরাইলের রাজনৈতিক সংকটের সঙ্গে যুক্ত হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকার রাজনৈতিক লড়াই। দীর্ঘদিন ধরে চলা এই পরিস্থিতি দেশটির রাজনৈতিক ও সাংবিধানিক বিভাজন আরও বাড়িয়ে দিয়েছে বলে মূল্যায়নে উল্লেখ করা হয়েছে।
দীর্ঘস্থায়ী যুদ্ধও ইসরাইলি সমাজের বিদ্যমান বিভাজনকে আরও গভীর করেছে। গাজা, লেবানন ও ইরানে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া অনেক সেনা ও রিজার্ভিস্ট মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ফিরছেন।
অন্যদিকে, অতি-অর্থোডক্স ইহুদি পুরুষদের সামরিক বাহিনীতে যোগদানের বিষয়ে ছাড়ের বিরোধিতা করে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে। সামরিক দায়িত্ব পালনের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগও এই অসন্তোষকে আরও তীব্র করছে।
সিআইএর মূল্যায়নে আন্তর্জাতিক চাপকেও ইসরাইলের জন্য গুরুত্বপূর্ণ ঝুঁকি হিসেবে দেখা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে দেশটির বিচ্ছিন্নতা বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভেতরেও ইসরাইলের প্রতি জনসমর্থন কমে যাওয়াকে একটি গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মূল্যায়ন অনুযায়ী, অভ্যন্তরীণ বিভাজন এবং আন্তর্জাতিক চাপ একই সময়ে বাড়তে থাকলে ইসরাইল গুরুতর রাষ্ট্রীয় সংকটে পড়তে পারে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র হয়ে গৃহযুদ্ধের ঝুঁকিও তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।









