ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান অর্থনৈতিক যুদ্ধও ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) প্রধান মেজর জেনারেল মোহসেন রেজাই। তার দাবি, সামরিক আগ্রাসনের মাধ্যমে ইরানের বিরুদ্ধে লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর অর্থনৈতিক চাপ দিয়েও তেহরানকে নত করতে পারবে না ওয়াশিংটন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজাই এসব কথা বলেন।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধকে সফল হিসেবে তুলে ধরার মার্কিন প্রচেষ্টার সমালোচনা করেন তিনি। বিশেষ করে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের বক্তব্যের সমালোচনা করে রেজাই বলেন, ইরানের বিরুদ্ধে অবরোধের প্রভাবকে অতিরঞ্জিত করে দেখানোর চেষ্টা করা হচ্ছে।
ব্লুমবার্গের সাম্প্রতিক একটি প্রতিবেদনের প্রসঙ্গও নিজের পোস্টে উল্লেখ করেন রেজাই। তার দাবি, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কারণে জ্বালানির দামসহ যেসব প্রভাব তৈরি হয়েছে, সেগুলো আড়াল করার চেষ্টা করছেন মার্কিন অর্থমন্ত্রী।
গত কয়েক সপ্তাহে স্কট বেসেন্ট একাধিকবার দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক অবরোধ কার্যকর হয়েছে। এর ফলে ইরানের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন।
বেসেন্টের বক্তব্য অনুযায়ী, অবরোধের চাপ একপর্যায়ে ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় যেতে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে বাধ্য করতে পারে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বৈশ্বিক তেল চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।
মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসন শুরুর পর ইরান হরমুজ প্রণালিতে বিধিনিষেধ আরোপ করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের এই অবস্থান প্রত্যাখ্যান করেছেন রেজাই। তিনি বলেছেন, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে এবং ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ও অবরোধ প্রত্যাহার করতে হবে। এসব শর্ত পূরণ হলেই হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়টি বিবেচনা করা হবে বলে তিনি জানান।
রেজাই আরও বলেন, চাপ বা হুমকি দিয়ে ইরানকে অবস্থান পরিবর্তনে বাধ্য করা সম্ভব নয়। তার ভাষায়, সামরিক যুদ্ধে ব্যর্থ হওয়ার পর অর্থনৈতিক যুদ্ধেও যুক্তরাষ্ট্র সফল হবে না এবং ইরান পিছু হটবে না।
সূত্র: প্রেস টিভি








