সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং এ নিয়ে কোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
বুধবার (৭ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিবিপ্রধান বলেন, আইন অনুযায়ী নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেশে পরিচালনার সুযোগ দেওয়া হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব।
তিনি বলেন, বিশেষ করে ঢাকা মহানগরের বাসিন্দাদের নিরাপত্তার বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং এ ঘটনাকে কেন্দ্র করে নিষিদ্ধ দলের কোনো কর্মসূচি বা নাশকতার আশঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, আইন দ্বারা নিষিদ্ধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ কাউকে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, নিষিদ্ধ কর্মকাণ্ডের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান কঠোর। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিপ্রধান জানান, নিষিদ্ধ দলের কর্মকাণ্ড ঠেকাতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অব্যাহত রয়েছে। এ বিষয়ে গ্রেফতার অভিযানও চলমান রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।









