GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / রাজনীতি / দেশকে অস্থির করতে পতিত দোসররা কাজ করছে: রিজভী

দেশকে অস্থির করতে পতিত দোসররা কাজ করছে: রিজভী

দেশকে অস্থিতিশীল করার পাশাপাশি নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে একটি মহল নানা ধরনের তৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেছেন, এসব তৎপরতার মধ্যে নাশকতামূলক কর্মকাণ্ডও রয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দেশকে অস্থির করার জন্য ‘পতিত দোসররা’ বিভিন্নভাবে কাজ করছে। তারা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে বলেও তিনি দাবি করেন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন রিজভী। তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আগে থেকেই সচেতন হলে এই রোগ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি জানান, বাসাবাড়ির আশপাশে জমে থাকা ও পচা পানি দ্রুত পরিষ্কার করার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে নির্দেশনা দিয়েছেন। এতে ডেঙ্গুর বিস্তার রোধে সহায়তা হবে বলে মন্তব্য করেন তিনি।

রিজভী আরও বলেন, আগে ডেঙ্গু পরীক্ষা করতে অর্থ নেওয়া হলেও এখন তা বিনামূল্যে করা হচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। কোনো ধরনের নৈরাজ্য বা অপরাধকে সরকার প্রশ্রয় দেবে না।

এ সময় পুলিশের ভ্যান থেকে একজন শীর্ষ সন্ত্রাসী কীভাবে পালিয়ে যেতে পারে, তা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী।

Social Icons