বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। বুধবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি তুরস্কের উদ্দেশ্যে রওনা হন।
তুরস্ক সফরে ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াত আমিরের।
সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক-বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’।
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় এবং সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) যৌথভাবে আন্তর্জাতিক এই সম্মেলনের আয়োজন করছে।
সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কের পাশাপাশি বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক ও গবেষকরা অংশ নেবেন। বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদেরও এতে উপস্থিত থাকার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, সম্মেলনে অংশ নেওয়ার পর ডা. শফিকুর রহমান সৌদি আরবে যাবেন। সেখানে তিনি পবিত্র ওমরাহ পালন করবেন।
ওমরাহ শেষে আগামী ১১ অক্টোবর সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।
এ সফরে তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক, বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার ভাবনা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ নিয়ে আলোচনায় ডা. শফিকুর রহমানের বক্তব্য গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।







