GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / ২৫ বছরের কম সন্তানসহ পরিবার নিয়ে সৌদি যাওয়ার সুযোগ

২৫ বছরের কম সন্তানসহ পরিবার নিয়ে সৌদি যাওয়ার সুযোগ

প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি আরবে যাওয়ার প্রক্রিয়া সহজ করেছে দেশটির সরকার। নতুন নিয়মে অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীরা নিজেদের ওয়ার্ক ভিসার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই নির্দিষ্ট পরিবারের সদস্যদের সৌদি আরবে আনার আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এই নিয়মের কথা জানিয়েছে। উদ্যোগটি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সমন্বয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

নতুন ব্যবস্থার আওতায় যোগ্য বিদেশি কর্মীরা তাদের স্বামী বা স্ত্রীকে সৌদি আরবে নিতে পারবেন। পাশাপাশি ২৫ বছরের কম বয়সি ছেলে এবং অবিবাহিত মেয়েকেও সঙ্গে নেওয়ার সুযোগ থাকবে।

আগের মতো নিজের কাজের ভিসা পুরোপুরি সম্পন্ন হওয়ার পর পরিবারের জন্য প্রক্রিয়া শুরু করার প্রয়োজন হবে না। ওয়ার্ক ভিসার আবেদন প্রক্রিয়া চলাকালীন পরিবারের যোগ্য সদস্যদের প্রবেশ ভিসার জন্য আবেদন করা যাবে।

তবে এ সুবিধা পেতে নির্ধারিত সব শর্ত পূরণ করতে হবে। অর্থাৎ পরিবারের সদস্যদের ভিসা পাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট আবেদন ও যোগ্যতার শর্তের ওপর নির্ভর করবে।

সৌদি সরকারের এই উদ্যোগের অন্যতম লক্ষ্য দেশটিতে বসবাসরত মানুষের জীবনযাত্রার মান উন্নত করা। একই সঙ্গে অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা সংক্রান্ত প্রক্রিয়াও সহজ করা এর উদ্দেশ্য।

সৌদি আরবে পৌঁছানোর পর প্রবাসী কর্মীদের পরিবারের সদস্যদের জন্য রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতিপত্রের প্রক্রিয়া দেশটির প্রচলিত আইন ও বিধি অনুযায়ী সম্পন্ন করা হবে।

গলফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়মের ফলে দক্ষ বিদেশি কর্মীদের সৌদি আরবে পরিবার নিয়ে বসবাসের সুযোগ আরও সহজ হবে। বিশেষ করে ওয়ার্ক ভিসার প্রক্রিয়া শেষ হওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা না করেই পরিবারের সদস্যদের আনার সুযোগ তৈরি হয়েছে।

Social Icons