GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সারাদেশ / ছয় মাসের প্রেম, চার মাসের ‘বিয়ে’, শেষে জানা গেল পাত্রী আসলে পুরুষ

ছয় মাসের প্রেম, চার মাসের ‘বিয়ে’, শেষে জানা গেল পাত্রী আসলে পুরুষ

ফেসবুকে নারী পরিচয়ে বন্ধুত্ব। এরপর প্রেমের সম্পর্ক। প্রায় চার মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে সেই সম্পর্ককে ‘বিয়ের’ রূপ দেওয়া হয়। কথিত স্ত্রী ‘সুমাইয়া আক্তারের’ সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্কও চলছিল। এরই মধ্যে বিভিন্ন অজুহাতে ইতালি প্রবাসী এক ব্যক্তির কাছ থেকে বিকাশের মাধ্যমে নেওয়া হয় ৩ লাখেরও বেশি টাকা।

কিন্তু পুলিশের হাতে গ্রেফতারের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ‘সুমাইয়া আক্তার’ নামে যার সঙ্গে ওই প্রবাসীর প্রেম ও বিয়ের সম্পর্ক চলছিল, তিনি আসলে কোনো নারী নন। তিনি নাটোরের লালপুরের ২০ বছর বয়সি তরুণ শান্ত আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ঢাকার ৪৮ বছর বয়সি ওই প্রবাসী দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন। প্রায় ছয় মাস আগে ফেসবুকে ‘সুমাইয়া আক্তার’ পরিচয়ে তার সঙ্গে যোগাযোগ শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

চার মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ের একটি ভুয়া সম্পর্ক তৈরি করা হয়। এরপর স্বামী-স্ত্রীর পরিচয়ে যোগাযোগ বজায় রেখে বিভিন্ন অজুহাতে ওই প্রবাসীর কাছ থেকে তিন লাখের বেশি টাকা নেওয়া হয়।

প্রতারণাকে আরও বিশ্বাসযোগ্য করতে শান্ত তার বাবাকেও ওই প্রবাসীর সঙ্গে ‘শ্বশুর’ পরিচয়ে কথা বলাতেন বলে অভিযোগ রয়েছে।

৭ অক্টোবর সকালে লালপুর উপজেলার গন্ডবিল গ্রামে শান্তর বাড়িতে অভিযান চালিয়ে তাকে ও তার বাবা শহিদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এ সময় প্রতারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

থানায় জিজ্ঞাসাবাদের সময় শান্তর মোবাইলে ওই ইতালি প্রবাসী ফোন করলে পুলিশের মাধ্যমে তিনি জানতে পারেন, এতদিন যার সঙ্গে প্রেম ও বিয়ের সম্পর্ক বজায় রেখেছিলেন, সেই ‘সুমাইয়া’ আসলে একজন পুরুষ। বিষয়টি জানার পর তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম পলাশ জানান, শান্ত আলী ও তার বাবা শহিদুল ইসলাম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং ও প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

Social Icons