ব্যাটারিচালিত অটোরিকশা পুরোপুরি বন্ধ না করে ডিজিটাল নিবন্ধন ও নিয়ন্ত্রিত ব্যবস্থার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নীতিমালার আওতায় প্রতিটি অটোরিকশায় কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম যুক্ত করা হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর ৭১ বিধির নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অটোরিকশাচালকদের কর্মসংস্থান অক্ষুণ্ন রেখে ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে দ্রুত নতুন নীতিমালা ও বিধিমালা কার্যকর করা হচ্ছে।
তিনি জানান, ডিজিটাল নিবন্ধন ব্যবস্থায় কিউআর কোড ও ট্র্যাকিং সিস্টেম থাকবে। এর ফলে একটি নম্বরের অধীনে অবৈধভাবে একাধিক রিকশা চালানোর সুযোগ থাকবে না।
একইসঙ্গে অটোরিকশায় ব্যবহৃত লেড-এসিড ব্যাটারি পরিবর্তন করে পরিবেশবান্ধব ব্যাটারি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি নির্দিষ্ট এলাকাভিত্তিক রিকশা চলাচলের ব্যবস্থাও করা হবে।
সংসদে রেহানা আক্তার রানু বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ট্রাফিক ক্যামেরা চালুর পর সড়কের বিভিন্ন অনিয়ম কমেছে। তবে ব্যাটারিচালিত অটোরিকশাগুলোর কোনো নম্বর প্লেট না থাকায় অনিয়ম শনাক্ত হলেও ব্যবস্থা নেওয়া কঠিন হচ্ছে।
তিনি বলেন, অটোরিকশা পুরোপুরি বন্ধ না করে কাঠামোগত পরিবর্তন, নম্বর প্লেট সংযোজন, চালকদের প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্সের আওতায় আনা প্রয়োজন।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত এক দশকে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজি বাইক ও তিন চাকার বৈদ্যুতিক যান গ্রামীণ ও নগর পরিবহনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এসব যানবাহনের সঙ্গে চালক, গ্যারেজ শ্রমিক, যন্ত্রাংশ ব্যবসায়ী ও চার্জিং সেবাদাতাসহ বড় ধরনের কর্মসংস্থান জড়িত।
তবে এর অনিয়ন্ত্রিত বিস্তার বিদ্যুৎ ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে আনুমানিক ৫০ থেকে ৮০ লাখ বৈদ্যুতিক থ্রি-হুইলার রয়েছে, যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৫ শতাংশ ব্যবহার করে। বৈধ চার্জিং পয়েন্ট রয়েছে প্রায় ৩ হাজার ৩০০টি। শুধু ঢাকা শহরেই প্রায় ৪৮ হাজার অনানুষ্ঠানিক ও অবৈধ চার্জিং পয়েন্ট রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণে প্রতি বছর সরকারের প্রায় ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি হচ্ছে।
পরিবেশগত ক্ষতির বিষয়টি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অটোরিকশায় ব্যবহৃত ক্ষতিকর লেড-এসিড ব্যাটারি এবং এর অনিরাপদ রিসাইক্লিংয়ের কারণে বাতাস, মাটি ও পানি দূষিত হচ্ছে।
তিনি আরও জানান, ২০২৫ সালে দেশে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ১১ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনার ১৩ দশমিক ৫৪ শতাংশে অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত অটোরিকশা জড়িত ছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধান সড়কে অটোরিকশা চলাচল বন্ধে ডিএমপি নিয়মিত অভিযান চালাচ্ছে। পাশাপাশি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে ডিএমপি, ডেসকো ও ডিপিডিসির যৌথ অভিযান চলছে।
তিনি জানান, ঢাকা শহরের ১৭টি সিগন্যালে ৫০টি এআই ক্যামেরা থেকে ইতিবাচক ফল পাওয়ায় আরও ২০০টি এআই ক্যামেরা স্থাপনের কাজ চলছে।
