GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে রফিকুল ইসলাম মাদানীর পোস্ট

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে রফিকুল ইসলাম মাদানীর পোস্ট

মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল বন্ধ করার দাবি জানিয়েছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। তার মতে, এসব যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে বিভিন্ন এলাকায় যানজট ও দুর্ঘটনা বাড়ছে। তবে অটোরিকশাচালকদের জীবিকার বিষয়টিও বিবেচনায় রেখে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম মাদানী তার পোস্টে বলেন, বিশ্বরোডসহ গুরুত্বপূর্ণ সড়কে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে হবে। কারণ এসব যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় অনেক সড়কে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। শুধু শহরের প্রধান সড়ক নয়, বিভিন্ন গ্রামের বাজার এলাকাতেও অতিরিক্ত অটোরিকশার কারণে যান চলাচলে সমস্যা তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, অনেক অটোরিকশাচালকের পর্যাপ্ত ড্রাইভিং প্রশিক্ষণ নেই। পাশাপাশি সড়কের নিয়মকানুন যথাযথভাবে না মানার অভিযোগও রয়েছে। কোনো এলাকায় প্রয়োজনের তুলনায় অনেক বেশি অটোরিকশা চলাচল করলে সেখানে স্বাভাবিকভাবেই যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। এর প্রভাব পড়ে সাধারণ মানুষের কর্মঘণ্টার ওপরও।

মাদানীর মতে, বিষয়টিকে শুধু সহানুভূতির দৃষ্টিতে দেখলে সমস্যার স্থায়ী সমাধান হবে না। সড়কে যানজট কমানো, দুর্ঘটনা নিয়ন্ত্রণ এবং মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখতে হবে।

তবে অটোরিকশা চালিয়ে যারা জীবিকা নির্বাহ করেন, তাদের হঠাৎ করে কর্মহীন করে দেওয়ার পক্ষেও নন তিনি। এ ক্ষেত্রে সরকারের পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন তিনি।

তার প্রস্তাব, অটোরিকশাচালকদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যেতে পারে। পাশাপাশি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ক্ষুদ্র ব্যবসার সুযোগ কিংবা সহজ শর্তে ঋণের মতো কর্মমুখী সহায়তার ব্যবস্থা করা হলে তারা নতুনভাবে জীবিকা নির্বাহের সুযোগ পেতে পারেন।

তিনি বলেন, মানুষের জীবিকার বিষয়টি বিবেচনায় রেখেই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। একদিকে সাধারণ মানুষের নিরাপদ ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে হবে, অন্যদিকে অটোরিকশাচালকদের জীবন-জীবিকার বিষয়টিও গুরুত্ব দিতে হবে।

রফিকুল ইসলাম মাদানীর ভাষ্য অনুযায়ী, জনস্বার্থে বিশ্বরোডসহ দেশের গুরুত্বপূর্ণ সড়কগুলোকে অটোরিকশার অবাধ চলাচল থেকে মুক্ত করতে কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া প্রয়োজন।

Social Icons