ইসরাইল আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। তার মতে, বিশ্ব থেকে ইসরাইলকে বিচ্ছিন্ন করার দীর্ঘদিনের প্রচেষ্টার প্রভাব এখন স্পষ্ট হয়ে উঠেছে।
তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইয়ার লাপিদ বলেন, হামাস, কাতার ও ইরান দীর্ঘদিন ধরে ইসরাইলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে। তার দাবি, এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বিশ্বই ইসরাইল থেকে দূরে সরে যাচ্ছে।
ইসরাইলের আন্তর্জাতিক অবস্থানের অবনতির উদাহরণ হিসেবে কয়েকটি ঘটনার কথা উল্লেখ করেন লাপিদ। এর মধ্যে দ্য হেগে ইসরাইলিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, নেদারল্যান্ডসের একটি বিমানবন্দরে ইসরাইলিদের লাগেজ তল্লাশি এবং আয়ারল্যান্ডের সঙ্গে ফুটবলসংক্রান্ত বিরোধের বিষয়টি তুলে ধরেন তিনি।
ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা বয়কটের ঘটনাকেও ইসরাইলের আন্তর্জাতিক বিচ্ছিন্নতার উদাহরণ হিসেবে দেখেছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
এ ছাড়া জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের সময় বিভিন্ন দেশের প্রতিনিধিদের সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার ঘটনাও উল্লেখ করেন লাপিদ।
তার ভাষ্য, এসব ঘটনা আকস্মিকভাবে ঘটছে না। দীর্ঘদিন ধরে নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফল হিসেবেই ইসরাইলের বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেন তিনি।
ইয়ার লাপিদ দীর্ঘদিন ধরেই নেতানিয়াহু সরকারের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার সমালোচনা করে আসছেন। এবারও তার বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের অবস্থান নিয়ে উদ্বেগের বিষয়টি স্পষ্ট হয়েছে।









