GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / মিসর-কুয়েত-আমিরাতকে ২ বিলিয়ন ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

মিসর-কুয়েত-আমিরাতকে ২ বিলিয়ন ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

মিসর, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের কাছে ২ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে কংগ্রেসকে অবহিত করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, কুয়েত প্রায় ৪০০ মিলিয়ন ডলারের একটি চুক্তির আওতায় প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মেরামত করবে। এর সঙ্গে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশও সংগ্রহ করবে দেশটি।

অন্যদিকে, মিসর যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২ হাজারের বেশি এফজিএম-১৪৮ জ্যাভেলিন অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র কিনবে। এর সঙ্গে সর্বোচ্চ ২০০টি জ্যাভেলিন লঞ্চ ইউনিটও থাকবে।

মিসরের সঙ্গে প্রস্তাবিত চুক্তির মূল্য প্রায় ৮৩২ মিলিয়ন ডলার। এতে সিমুলেশন রাউন্ড, বিভিন্ন খুচরা যন্ত্রাংশ এবং মার্কিন সরকারের কারিগরি সহায়তাও অন্তর্ভুক্ত রয়েছে।

তিন দেশের মধ্যে সবচেয়ে বড় অস্ত্র চুক্তিটি হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। দেশটি সর্বোচ্চ ১০ হাজার এপিকেডব্লিউএস-২ লেজার-নির্দেশিত অস্ত্র ব্যবস্থা কেনার পরিকল্পনা করেছে।

এই অস্ত্রগুলো আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে স্থলে হামলায় ব্যবহারের উপযোগী। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রস্তাবিত চুক্তির আনুমানিক মূল্য ১ দশমিক ০৪ বিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্র শুক্রবার তিন দেশের কাছে এসব অস্ত্র বিক্রির অনুমোদনের বিষয়টি প্রকাশ করে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, অস্ত্র ও সামরিক সহায়তা সরবরাহ করা হলেও এর ফলে মধ্যপ্রাচ্যের বিদ্যমান সামরিক ভারসাম্যে মৌলিক কোনো পরিবর্তন আসবে না।

চুক্তিগুলো বাস্তবায়িত হলে মিসর, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত নিজেদের সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা সরঞ্জাম আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের কাছ থেকে গুরুত্বপূর্ণ সহায়তা পাবে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

Social Icons