মাদারীপুরে আসামিবাহী পুলিশের পিকআপ উল্টে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
এ ঘটনায় আসামিসহ ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার পখিরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম আব্দুস সালাম।
তিনি শিবচরের ভদ্রাসন পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
শিবচর থানার একটি মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
পরে আসামিদের নিয়ে পুলিশের পিকআপটি শিবচর থানার দিকে ফিরছিল।
পখিরা এলাকায় এক শিশু ও তার বাবা রাস্তা পার হচ্ছিলেন।
তাদের বাঁচাতে গিয়ে চালক পিকআপটির নিয়ন্ত্রণ হারান।
পরে পুলিশের পিকআপটি সড়কে উল্টে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই পুলিশ সদস্য আব্দুস সালাম নিহত হন।
চার আসামি দুর্ঘটনায় আহত হয়েছেন।
চার পুলিশ সদস্যও আহত হয়েছেন।
দুই পথচারীও দুর্ঘটনায় আহত হয়েছেন।
আহতদের প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়।
পরে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিশুকে বাঁচাতে গিয়েই পুলিশের পিকআপটি দুর্ঘটনার কবলে পড়ে।



