রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রস্তুতি এগিয়ে চলছে। এরই মধ্যে কেন্দ্রটির প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা (এপিসিএস) স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি, রাশিয়ার বাইরে রোসাটমের নির্মিত কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো রূপপুরে বাস্তবায়ন করা হচ্ছে অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস)।
আধুনিক এ প্রযুক্তি বিদ্যুৎকেন্দ্রের নিরাপদ ও দক্ষ পরিচালনা নিশ্চিত করার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে অপারেটরদের দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থায় থাকছে ২০ হাজার যন্ত্রপাতি
রোসাটমের অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস (আরএএসইউ) সরবরাহ করা স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থায় ৪৩টি সিস্টেমের অধীনে প্রায় ২০ হাজার যন্ত্রপাতি রয়েছে।
এসব যন্ত্রপাতির মাধ্যমে চুল্লির স্থিতিশীলতাসহ বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন প্রক্রিয়ার সাত হাজারের বেশি প্যারামিটার পর্যবেক্ষণ করা হবে। এর ফলে কেন্দ্রটির পরিচালন কার্যক্রমের নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও দক্ষতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
অপারেটরদের সহায়তা করবে ওআইএসএস
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান জানান, অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম বা ওআইএসএস হলো স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
বিদ্যুৎ ইউনিটের ডিজিটাল টুইন প্রযুক্তির সহায়তায় আরএএসইউ এই ব্যবস্থা তৈরি করেছে। প্রথম ইউনিটে ইতোমধ্যে সিস্টেমটি সংযুক্ত করা হয়েছে এবং বিদ্যুৎকেন্দ্রের স্টার্টআপ কার্যক্রমেও এটি ভূমিকা রাখছে। দ্বিতীয় ইউনিটেও একই প্রযুক্তি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
৩৬০টি সিস্টেমের তথ্য বিশ্লেষণ করবে
ওআইএসএস বিদ্যুৎকেন্দ্রের ৩৬০টি প্রক্রিয়াসংশ্লিষ্ট সিস্টেম থেকে তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য বিচ্যুতি শনাক্ত করতে পারে। জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে অপারেটরদের পরামর্শ দিতে এতে ৮০টিরও বেশি নির্দেশিকা ব্যবহার করা হয়।
জটিল পরিচালনাসংক্রান্ত তথ্য সহজভাবে উপস্থাপনের মাধ্যমে প্রযুক্তিটি অপারেটরদের দ্রুত ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। পাশাপাশি, কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণেও সহায়ক হবে।
নিরাপত্তা ও পরিচালন দক্ষতা বাড়ানোর লক্ষ্য
রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাশিয়া ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার অন্যতম বৃহৎ প্রকল্প। আধুনিক স্বয়ংক্রিয়করণ ও নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও এটি একটি অগ্রণী প্রকল্প।
তিনি জানান, রাশিয়ার বাইরে রোসাটমের নির্মিত কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এই প্রথম অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম বাস্তবায়ন করা হচ্ছে।
লিখাচেভের মতে, এ ব্যবস্থা জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার সময় কমাতে, পরিচালন ব্যয় হ্রাস করতে এবং নিয়ন্ত্রণকক্ষের কর্মীদের নির্ভরযোগ্য সহায়তা দিতে ভূমিকা রাখবে।
জেনারেশন ৩+ প্রযুক্তির দুটি চুল্লি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জেনারেশন ৩+ প্রযুক্তির দুটি ভিভিইআর-১২০০ চুল্লি নিয়ে নির্মিত হচ্ছে। প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে রোসাটমের প্রকৌশল শাখা অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট।
কেন্দ্রটিতে আধুনিক স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ ও নির্ভরযোগ্য পরিচালনার প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।
তথ্যসূত্র: দৈনিক যুগান্তর









