আগরতলা থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি ফ্লাইটে কার্গো এলাকায় ধোঁয়ার সতর্কতা (স্মোক ওয়ার্নিং) শনাক্ত হওয়ার পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেটিকে লখনউয়ে ঘুরিয়ে নেওয়া হয়। সতর্কতা পাওয়ার পর লখনউ বিমানবন্দরে জরুরি ব্যবস্থা সক্রিয় করা হয়।
ইন্ডিগোর ৬ই৬৫০৪ ফ্লাইটটিতে ১০৩ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে ফ্লাইটটি নিরাপদে লখনউ বিমানবন্দরে অবতরণ করে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জরুরি সাড়া দেওয়ার দলগুলো বিমানটিকে গ্রহণ করে।
লখনউ বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত পূর্ণাঙ্গ জরুরি প্রস্তুতি কার্যক্রম শুরু করে। বিমানটি নিরাপদে পরিচালনা এবং যাত্রী ও ক্রুদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকর্মী, অ্যাম্বুলেন্স, চিকিৎসা দল, নিরাপত্তাকর্মী এবং টার্মিনাল সহায়তা দল মোতায়েন করা হয়।
এদিকে, চলতি মাসের শুরুতে একই ধরনের আরেকটি ঘটনায় বারাণসী থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইটও সতর্কতামূলকভাবে লখনউ বিমানবন্দরে অবতরণ করে।
৩ সেপ্টেম্বর সকালে উড়োজাহাজটির কার্গো হোল্ডে ধোঁয়া শনাক্তকরণ অ্যালার্ম চালু হওয়ার পর এটি লখনউয়ে অবতরণ করে বলে সূত্র জানিয়েছে।
তবে প্রাথমিক পরীক্ষায় ধোঁয়া বা আগুনের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক মুখপাত্র বলেন, কারিগরি সমস্যা শনাক্ত হওয়ার পর যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ক্রুরা সতর্কতামূলকভাবে ফ্লাইটটি লখনউয়ে ঘুরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
এয়ারলাইনটি জানায়, সব যাত্রীকে খাবার ও পানীয় দেওয়া হয়েছে এবং তাদের দিল্লিতে পৌঁছে দিতে অগ্রাধিকার ভিত্তিতে একটি বিকল্প উড়োজাহাজের ব্যবস্থা করা হচ্ছিল।
পরে উড়োজাহাজটি পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি হ্যাঙ্গারে নেওয়া হয়। সূত্র জানায়, প্রাথমিক পরীক্ষায় ধোঁয়া বা আগুনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে অ্যালার্ম কেন চালু হয়েছিল, তা জানতে তদন্ত চলছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
