অপরাধের ধরন বদলে গেলেও পুলিশকে আধুনিকায়ন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধের ধরন পরিবর্তিত হয়েছে। অপরাধ প্রতিরোধে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারও প্রয়োজন হচ্ছে। তবে পুলিশকে এখনও আধুনিকায়ন করা সম্ভব হয়নি।
তিনি জানান, থানা ও উপজেলা পর্যায়ে মডার্ন সাইবার সিকিউরিটি ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
ক্রাইম রিপোর্টারদের ঝুঁকি ভাতার প্রস্তাব
ক্রাইম রিপোর্টারদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, ঝুঁকি নিয়ে কাজ করাই ক্রাইম রিপোর্টারদের কাজের একটি গুরুত্বপূর্ণ দিক। যারা ঝুঁকি নিয়ে অপরাধবিষয়ক সংবাদ সংগ্রহ করছেন, তাদের ঝুঁকি ভাতা দেওয়ার বিষয়ে কাজ করা যেতে পারে।
আইন সংশোধনের প্রয়োজন
আইন সংশোধনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রচলিত আইনে অপরাধীদের গ্রেপ্তার করা হলেও তারা আবার জামিনে বেরিয়ে যায়।
জুয়া ও মাদকের সঙ্গে অপরাধের সম্পর্ক
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুবসমাজের প্রায় প্রতিটি অপরাধের পেছনেই জুয়া ও মাদকের হাত রয়েছে।
অপরাধ কমাতে আগে অপরাধের কারণ নিয়ে গবেষণা করতে হবে বলে উল্লেখ করেন তিনি। এরপর কারণগুলো নির্মূল করে অপরাধ কমিয়ে আনার উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে কাজ চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


