GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / শিক্ষাঙ্গন / আজ থেকে একাদশে ভর্তি, যেসব কাগজ সঙ্গে নিতে হবে

আজ থেকে একাদশে ভর্তি, যেসব কাগজ সঙ্গে নিতে হবে

আজ থেকে একাদশে ভর্তি, যেসব কাগজ সঙ্গে নিতে হবে

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আজ রোববার (২০ সেপ্টেম্বর)। নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত ফি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সংশ্লিষ্ট কলেজে সশরীরে ভর্তি হতে হবে। ভর্তি কার্যক্রম চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত

শনিবার রাতে একাদশ শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে মাইগ্রেশনের ফলও প্রকাশ করা হয়েছে।

ভর্তিতে যেসব কাগজপত্র লাগবে

একাদশ শ্রেণিতে ভর্তি হতে শিক্ষার্থীদের সঙ্গে রাখতে হবে—

  • এসএসসি পরীক্ষার মার্কশিট ও সনদের কপি
  • এসএসসি পরীক্ষার প্রবেশপত্র
  • ২ থেকে ৪ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • অনলাইন আবেদন নিশ্চায়নের কপি
  • শিক্ষার্থী ও অভিভাবকের মোবাইল ফোন নম্বর

কোন কলেজে ভর্তি ফি কত

শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী, প্রতিষ্ঠান ও এলাকার ধরনভেদে এবার একাদশ শ্রেণিতে ভর্তি ফি ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এমপিওভুক্ত প্রতিষ্ঠানে:

  • ঢাকা মহানগর: বাংলা ও ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ৫ হাজার টাকা
  • অন্যান্য মহানগর বা বিভাগীয় শহর: সর্বোচ্চ ৩ হাজার টাকা
  • জেলা পর্যায়: সর্বোচ্চ ২ হাজার টাকা
  • উপজেলা ও মফস্বল: সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা

নন-এমপিও ও আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানে:

  • ঢাকা মহানগর: বাংলা ভার্সনে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ টাকা, ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা
  • জেলা সদর: বাংলা ভার্সনে ৩ হাজার টাকা, ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা
  • উপজেলা ও মফস্বল: বাংলা ভার্সনে ২ হাজার ৫০০ টাকা, ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা

ভর্তিতে ৭ শতাংশ কোটা

ভর্তি নীতিমালা অনুযায়ী, মোট আসনের ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে সবার জন্য উন্মুক্ত থাকবে।

বাকি ৭ শতাংশের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে। এই কোটাপদ্ধতি শুধু ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে।

১ লাখ ২৭ হাজার শিক্ষার্থীর মনোনয়ন বাতিল

গত ১৬ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ করা হয়। এবার মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেন। প্রথম ধাপে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জনকে কলেজে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হয়।

এর মধ্যে ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ জন শিক্ষার্থী ভর্তি নিশ্চায়ন করেছে। অন্যদিকে ১ লাখ ২৭ হাজার ৩৭৪ জন নিশ্চায়ন না করায় প্রথম ধাপের ভর্তি থেকে তাদের মনোনয়ন বাতিল হয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, যারা নিশ্চায়ন করেনি, তাদের ভর্তির জন্য পুনরায় আবেদন করতে হবে। প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শেষ হওয়ার পর আবার আবেদন নেওয়া হবে।

Social Icons