রাজধানীর উত্তরা-মতিঝিল রুটের মেট্রোরেল লাইনে হঠাৎ একটি কুকুর ঢুকে পড়ায় কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টা ৫৪ মিনিটের দিকে মেট্রোরেল লাইনে কুকুরটি ঢুকে পড়ে। এ সময় একটি ট্রেন কারওয়ান বাজার স্টেশনে আটকে যায়। নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে পুরো রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পুলিশের পরিদর্শক (অপারেশনস) মোহসিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরে মেট্রোরেল লাইন থেকে কুকুরটি সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এরপর আবার ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।









