নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি এবং সরবরাহে সংকটের অভিযোগের মধ্যে সব জেলা প্রশাসককে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার।
মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, এলপিজির দাম সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে। কোথাও কোথাও জ্বালানি পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ এসেছে।
এ কারণে খুচরা বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, শুধু সেপ্টেম্বর মাসেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৯৮৪টি অভিযান পরিচালনা করেছে। সরকারের আশা, এর মাধ্যমে এলপিজি নিয়ে তৈরি সংকট ধীরে ধীরে কমে আসবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের সহায়তা বাড়াতে ভিজিএফ কার্ডের আওতা সম্প্রসারণ করা হচ্ছে। কার্ডধারীদের ২০ কেজি করে চাল দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
এ ছাড়া রেল যোগাযোগ উন্নয়নে এডিবির অর্থায়নে ৩০টি নতুন লোকোমোটিভ কেনার জন্য দরপত্র আহ্বানের কথা জানান উপদেষ্টা।
চট্টগ্রাম বন্দর, তিস্তা মহাপরিকল্পনা এবং ব্যাটারিচালিত অটোরিকশা নিয়েও সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।









