ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতায় কী বলা হবে, সে বিষয়ে আগাম পাওয়া তথ্য ব্যবহার করে অনলাইন প্রেডিকশন মার্কেটে বাজি ধরার অভিযোগে,
হোয়াইট হাউসের সাবেক টেলিপ্রম্পটার অপারেটর গ্যাব্রিয়েল পেরেজকে ১ লাখ ৭২ হাজার ৫৩৯ ডলার পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ কোটি ১১ লাখ টাকা।
যুক্তরাষ্ট্রের কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশন (সিএফটিসি) শুক্রবার পেরেজের সঙ্গে একটি নিষ্পত্তি চুক্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়।
চুক্তির আওতায় পেরেজকে অবৈধভাবে অর্জিত ১ লাখ ৭ হাজার ৫৩৯ ডলার মুনাফা ফেরত দিতে হবে।
পাশাপাশি তাকে ৬৫ হাজার ডলার জরিমানাও দিতে হবে।
এ ছাড়া আগামী তিন বছর প্রেডিকশন মার্কেটে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না তিনি।
সিএফটিসির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ট্রাম্পের বিভিন্ন বক্তৃতাকে কেন্দ্র করে কালশি নামের একটি প্রেডিকশন মার্কেট প্ল্যাটফর্মে লেনদেন করেন পেরেজ।
সে সময় তিনি হোয়াইট হাউসে টেলিপ্রম্পটার পরিচালনার দায়িত্বে ছিলেন।
নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ, ট্রাম্পের বক্তৃতায় কোন বিষয় বা শব্দ থাকতে পারে, সে বিষয়ে দায়িত্ব পালনের সময় পাওয়া আগাম তথ্য ব্যবহার করে বাজি ধরেছিলেন পেরেজ।
সিএফটিসি বলেছে, এ কাজের মাধ্যমে তার ওপর অর্পিত দায়িত্ব ও আস্থার লঙ্ঘন হয়েছে।
সংস্থাটি তার সরকারি দায়িত্ব থেকে পাওয়া তথ্যের ‘অপব্যবহার’-এর অভিযোগও করেছে।
তবে তদন্তে পেরেজের ‘অসাধারণ সহযোগিতা’ বিবেচনায় তার জরিমানার পরিমাণ কমানো হয়েছে বলে জানিয়েছে সিএফটিসি।
এর আগে জুলাইয়ে হোয়াইট হাউসের তৎকালীন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছিলেন, পেরেজকে বিনা বেতনে ছুটিতে পাঠানো হয়েছে।
তিনি আর আগের পদে ফিরবেন না বলেও জানানো হয়েছিল।
এ বিষয়ে হোয়াইট হাউস এখনো কোনো মন্তব্য করেনি।
এদিকে কালশির প্রধান আইনজীবী ববি ডিনল্ট সিএফটিসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, কেউ প্রতিষ্ঠানের নিয়ম বা ফেডারেল আইন লঙ্ঘন করলে তাকে এর পরিণতি ভোগ করতে হবে।
কালশি জানিয়েছিল, তাদের বিশ্লেষকেরা গত মার্চে ‘মেনশন মার্কেট’ নামে পরিচিত কয়েকটি চুক্তিতে অস্বাভাবিক বাজির বিষয়টি শনাক্ত করেন।
এসব চুক্তিতে কোনো বক্তা নির্দিষ্ট কোনো দেশ, প্রচারণার স্লোগান বা বিশেষ কোনো শব্দ ব্যবহার করবেন কি না, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়।
পরে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের তথ্য বিশ্লেষণ করে কালশি জানতে পারে, ওই ব্যবহারকারী একজন ফেডারেল কর্মী এবং তিনি হোয়াইট হাউসের টেলিপ্রম্পটার পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন।
এরপর বিষয়টি নিয়ন্ত্রক সংস্থার নজরে আনে প্ল্যাটফর্মটি।
কালশি এর আগে সতর্ক করেছিল, প্রেসিডেন্ট বা ফেডারেল রিজার্ভ চেয়ারম্যানের মতো রাজনৈতিক ও অর্থনৈতিক নীতিনির্ধারকদের বক্তব্য বাজারে বড় প্রভাব ফেলতে পারে।
তাদের ব্যবহৃত নির্দিষ্ট শব্দ বৈদেশিক মুদ্রা, তেল এবং শেয়ারবাজারের গতিপথ পরিবর্তন করতে পারে।
অন্যদিকে, একই মাসে হোয়াইট হাউসের ম্যানেজমেন্ট অফিস প্রশাসনের কর্মকর্তাদের প্রেডিকশন মার্কেটে বাজি ধরার বিষয়ে সতর্ক করে চিঠি পাঠিয়েছিল বলেও জানিয়েছে সিবিএস নিউজ।









