সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, গণতন্ত্রের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে সাংবাদিকতা। বিশেষ করে ক্রাইম বিটের সাংবাদিকদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় এবং অনেক সময় তাদের চড়া মূল্যও দিতে হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, গত ১৭ বছরে একটি ব্যবস্থা করাপ্টেড হয়ে পড়েছে। সেখান থেকে দায়িত্ব নেওয়ার পর সেটিকে ঠিক করা বড় চ্যালেঞ্জ। তার ভাষায়, একটি খালি জায়গায় একটি দালান বানানো সহজ হলেও পুরোনো ও ভাঙাচোরা দালানকে আবার নতুন করে তৈরি করা অনেক কঠিন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বাংলাদেশে সাংবাদিকসহ বিভিন্ন খাতে কাজ করা মানুষের জন্য এখনো পর্যাপ্ত সুরক্ষা দেওয়ার মতো কার্যকর ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আই অ্যাম ভেরি ইজিলি অ্যাক্সেসেবল। আপনারা আমাকে সবসময়ই পাবেন এবং আপনারা আমার কাছে আসতে পারবেন, আমাকে বলতে পারবেন।’
নিজের রাজনৈতিক পটভূমির কথা উল্লেখ করে পার্থ বলেন, সাংবাদিকদের সমস্যাগুলো তিনি উপলব্ধি করেন। মন্ত্রণালয়ের অধীন ১৫টি বিভাগকে নিজের পরিবারের মতো উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকটির প্রতি তার দায়িত্ব রয়েছে।
অনুষ্ঠানে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এম বাদশাহ।
