বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানিয়েছিল ভারত। একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য, অন্যটি বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
জয়সোয়াল বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে বিমসটেকের চেয়ার হিসেবে ব্রিকস সম্মেলনেও তাকে আমন্ত্রণ জানানো হয়। অর্থাৎ, তারেক রহমান দুটি আমন্ত্রণ পেয়েছিলেন।
ভারতের এই বক্তব্য এসেছে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাম্প্রতিক মন্তব্যের পর। গত ১০ সেপ্টেম্বর তিনি বলেছিলেন, তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। বরং বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
হুমায়ুন কবিরের বক্তব্য ছিল, প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ না থাকলে তিনি কীভাবে ভারতে যাবেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ব্রিকসের সদস্য বা অংশীদার দেশ নয়। তবে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে ১৮তম ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছিল।
১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

