GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / বিনোদন ও সংস্কৃতি / বিনোদন / প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইতালিতে সাম্প্রতিক কঠিন পরিস্থিতির পর অভিনেত্রী আজেমেরী হক বাঁধন ও তার পরিবারের খোঁজ নিতে তাদের বাসায় গিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান বাঁধন।

বাঁধন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তার ও পরিবারের খোঁজ নিতে বাসায় এসেছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রতিমন্ত্রীর আন্তরিকতা, সৌজন্য ও দায়িত্বশীলতার জন্য গভীর সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

রাষ্ট্রের পক্ষ থেকে এমন উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নাগরিকের নিরাপত্তা ও অধিকার রক্ষায় রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকার কথাও তুলে ধরেন বাঁধন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, কঠিন সময়ে রাষ্ট্রের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর এই উদ্যোগ তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছে। একই সঙ্গে একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তার আস্থাও আরও দৃঢ় হয়েছে।

বাঁধনের মতে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তার জনগণ। জনগণের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় রাষ্ট্র দায়িত্বশীল ভূমিকা পালন করলে নাগরিকের আস্থার জায়গা আরও শক্তিশালী হয়।

ইতালিতে সাম্প্রতিক কঠিন সময়ে যারা তার ও পরিবারের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান বাঁধন। বাংলাদেশ সরকার, সরকারপ্রধান, বাংলাদেশ দূতাবাস, ইতালীয় সরকার ও পুলিশ বিভাগসহ দেশে-বিদেশে যারা মানবিক সহায়তা ও সমর্থন দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানান তিনি।

বাঁধনের ভাষ্য, এই অভিজ্ঞতা তাকে আবারও মনে করিয়ে দিয়েছে, অন্যায়, ভয় ও বিভাজনের বিরুদ্ধে মানুষের সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য, সাহস এবং একে অপরের প্রতি দায়িত্ববোধ

মতের পার্থক্য থাকলেও একজন নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিয়ে কোনো আপস করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, মানুষ ন্যায় ও সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি আরও বাড়ে।

সবশেষে নিরাপদ, মর্যাদাপূর্ণ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান অভিনেত্রী।

Social Icons