GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / বিনোদন ও সংস্কৃতি / বিনোদন / ঈদে হলের পর এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’

ঈদে হলের পর এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’

গত ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকদের ভূয়সী প্রশংসা ও বাণিজ্যিক সাফল্য কুড়ানো রায়হান রাফী পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘প্রেশার কুকার’ এবার যুক্ত হতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে।

প্রেক্ষাগৃহে দেখার সুযোগ না পাওয়া যে সকল দর্শক দীর্ঘদিন ধরে ছবিটির ডিজিটাল মুক্তির অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এই সুখবর নিশ্চিত করেছেন স্বয়ং নির্মাতা।

ঢাকা মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্মাতা রায়হান রাফী জানান, ওটিটি মুক্তির বিষয়ে ইতোমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে এবং আগামী এক থেকে দুই মাসের মধ্যেই দেশের একটি শীর্ষস্থানীয় ওটিটি মাধ্যমে সিনেমাটি মুক্তি পাবে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্ম থেকে শিগগিরই অফিসিয়াল ট্রেলার প্রকাশের মাধ্যমে সুনির্দিষ্ট তারিখের ঘোষণা দেওয়া হবে।

নারীপ্রধান ও গল্পভিত্তিক এই চলচ্চিত্রে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী, নাজিফা তুষি ও স্নিগ্ধা চৌধুরীকে প্রথমবারের মতো একত্রে পর্দায় নিয়ে এসে অনন্য নির্মাণের স্বাক্ষর রাখেন রাফী, যা হলে দর্শকদের মুগ্ধ করে।

শুধু গল্প ও অভিনয়ই নয়, জাহিদ নিরবের সংগীতে এবং শিল্পী অঙ্কন কুমারের সুর ও কন্ঠে সিনেমার ‘বড়াই করে’ গানটি নেটদুনিয়ায় ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে।

ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফীর যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রূপদান করেছেন মারিয়া শান্ত, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও ফারজানা ছবি।

Social Icons