২০২৭ সালে রহস্যময় কোনো ব্যাধি কিংবা জিনগত পরীক্ষার মাধ্যমে একদল মানুষ অতিপ্রাকৃত বা ‘সুপারহিউম্যান’ ক্ষমতা পেতে পারেন বলে ভবিষ্যদ্বাণী করে গেছেন বুলগেরিয়ার অন্ধ রহস্যবাদী নারী বাবা ভাঙ্গা।
১৯৯৬ সালে মারা যাওয়া বাবা ভাঙ্গাকে করোনা মহামারি, ৯/১১ হামলা ও লেডি ডায়ানার মৃত্যুর মতো একাধিক বৈশ্বিক ঘটনার আগাম পূর্বাভাস দেওয়ার কৃতিত্ব দেওয়া হয়। তবে তিনি সত্যিই এসব ভবিষ্যদ্বাণী করেছিলেন কি না, তার সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। তার অনুসারীরা অবশ্য বিশ্বাস করেন, এসব ঘটনা ঘটার বহু দশক আগেই তিনি সেগুলো দেখতে পেয়েছিলেন।
২০২৭ সালকে ঘিরে প্রকাশিত এই ভবিষ্যদ্বাণী অনেকটা বিজ্ঞান কল্পকাহিনীর মতো। এতে বলা হয়েছে, কোনো এক রোগ বা পরীক্ষার কারণে অনেক মানুষ আক্রান্ত বা এর আওতায় এলেও শেষ পর্যন্ত অল্প কয়েকজন বিশেষ ক্ষমতার অধিকারী হবেন।
তবে সেই ক্ষমতা ঠিক কেমন হবে কিংবা কীভাবে তা ছড়িয়ে পড়বে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে ২০২৬ সাল নিয়েও বাবা ভাঙ্গার বেশ কিছু চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী আলোচনায় রয়েছে।
তার দাবি করা ভবিষ্যদ্বাণী অনুযায়ী, চলতি বছর একটি নতুন বিশ্বযুদ্ধ শুরু হবে, যা পূর্বাঞ্চল থেকে শুরু হয়ে পশ্চিমে ছড়িয়ে পড়বে। ফরাসি জ্যোতিষী নস্ট্রাডামুসের নামও তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে একই ধরনের পূর্বাভাসের সঙ্গে উল্লেখ করা হয়েছে।
বাবা ভাঙ্গার আরেকটি ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বনেতা হিসেবে আত্মপ্রকাশ করবেন এবং ‘বিশ্বের অধিপতি’ হয়ে উঠবেন। যদিও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনো চলছে, তবে পুতিনের আরও একক ক্ষমতার অধিকারী হয়ে ওঠার মতো কোনো লক্ষণ এখনো মেলেনি।
প্রাকৃতিক দুর্যোগ নিয়েও তার ভবিষ্যদ্বাণী আলোচনায় এসেছে। ২০২৬ সালে ভেনেজুয়েলা, কলম্বিয়া, জাপান ও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প এবং গত আগস্টে নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যার ঘটনা ঘটেছে।
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইতোমধ্যে বিশ্বজুড়ে বহু মানুষের চাকরিতে প্রভাব ফেলেছে এবং ভবিষ্যতে আরও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা রয়েছে।
তবে বাবা ভাঙ্গার আরেকটি পূর্বাভাস এখনো সত্যি হয়নি। সেখানে কোনো এক ক্রীড়া প্রতিযোগিতায় ভিনগ্রহীদের বা এলিয়েনের আগমনের কথা বলা হয়েছিল।
ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বর মাসে একটি বিশাল মহাকাশযান পৃথিবীতে আসবে। ফলে এই দাবি সত্যি হয় কি না, তা দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ২০২৫ সাল নিয়েও তিনি একই ধরনের একটি পূর্বাভাস দিয়েছিলেন।
