GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / অর্থনীতি ও বাণিজ্য / ব্যক্তিগত তথ্য চুরি ও হয়রানির ঝুঁকি, ৩১ ঋণ অ্যাপ নিয়ে সতর্কতা

ব্যক্তিগত তথ্য চুরি ও হয়রানির ঝুঁকি, ৩১ ঋণ অ্যাপ নিয়ে সতর্কতা

৩১ অননুমোদিত ঋণদাতা অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কবার্তা

সহজ শর্তে দ্রুত ঋণ দেওয়ার প্রলোভন দেখানো ৩১টি অননুমোদিত ঋণদাতা অ্যাপ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এসব অ্যাপের মাধ্যমে ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য সংগ্রহ করে গ্রাহকদের হয়রানি এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক সতর্কবার্তায় এ বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেয় সংস্থাটি।

বিএফআইইউ জানিয়েছে, মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে সহজ শর্তে দ্রুত ঋণ দেওয়ার প্রচারণা চালানো হচ্ছে। এসব প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের মোবাইলের যোগাযোগ তালিকা, ছবি, ব্যক্তিগত তথ্যসহ বিভিন্ন সংবেদনশীল তথ্য সংগ্রহ করছে।

ঋণ নেওয়ার পর টাকা আদায়ের নামে গ্রাহকদের ওপর চাপ দেওয়ার অভিযোগও রয়েছে। অনেক ক্ষেত্রে ভয়ভীতি দেখানো হচ্ছে। ব্যক্তিগত তথ্য প্রকাশের হুমকি দেওয়ার ঘটনাও ঘটছে। পাশাপাশি অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

এ ধরনের অননুমোদিত ঋণ অ্যাপ ব্যবহারে ব্যক্তিগত গোপনীয়তা ও আর্থিক নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে সতর্ক করেছে বিএফআইইউ।

সংস্থাটি বলেছে, বাংলাদেশে ঋণ প্রদান একটি নিয়ন্ত্রিত আর্থিক কার্যক্রম। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন এবং প্রচলিত আইন ও নিয়ন্ত্রক কাঠামো অনুসরণ ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অ্যাপ, ওয়েবসাইট কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ঋণ কার্যক্রম পরিচালনা করতে পারে না।

বিএফআইইউ আরও জানিয়েছে, অনুমোদনহীন ঋণ কার্যক্রমের সঙ্গে প্রতারণা, আর্থিক অপরাধ ও মানিলন্ডারিংয়ের ঝুঁকি রয়েছে। তাই অপরিচিত কোনো অ্যাপ বা প্ল্যাটফর্মে ঋণের আশায় জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাবের তথ্য, ব্যক্তিগত ছবি, মোবাইলের যোগাযোগ তালিকা কিংবা অন্য কোনো সংবেদনশীল তথ্য না দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

ঋণ দেওয়ার আগে কেউ অগ্রিম টাকা, নিবন্ধন ফি বা প্রসেসিং ফি চাইলে বিশেষভাবে সতর্ক থাকার কথাও জানিয়েছে বিএফআইইউ।

যেসব ৩১ অ্যাপ থেকে সতর্ক থাকতে বলেছে বিএফআইইউ

বিএফআইইউর তালিকায় থাকা অননুমোদিত ঋণদাতা অ্যাপগুলো হলো—সাথী লোন, পপক্যাশ, ফিনক্যাশ, কুইক লোন, কুইক টাকা, ঢাকা ফিন, লোনভাইব, দোস্ত লোন, টাকা ক্যাশ লোন, কেওয়নজা লোন, এসএসএইচ মানি, লোনবাডি, সাথি লোন, ক্যাশহোরা, আলো ক্যাশ, ফাস্ট লোন, ইজি টাকা, ধৈর্য লোন, ফিন ডট ডু, বঙ্গক্যাশ, আশা লোন, সুবিধা লোন, স্মার্ট লোন বিডি, অনলাইন লোন বিডি, সিটি অনলাইন লোন, বিডি সহজ লোন, ক্যাশ লোন, সোনালী, লোনহাট ও টাকানাও।

এসব প্ল্যাটফর্মের মাধ্যমে কেউ প্রতারিত হলে বিএফআইইউর কাছে অভিযোগ করা যাবে। এ ছাড়া এমন কার্যক্রম পরিচালনাকারী কোনো অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপ, ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য জানা থাকলেও তা সংস্থাটিকে জানানো যাবে।

মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ শাস্তিযোগ্য অপরাধ। তাই অননুমোদিত ঋণ কার্যক্রম থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে বিএফআইইউ।

Tagged:

Social Icons