Home / অর্থনীতি ও বাণিজ্য / আমদানি-রপ্তানি / লক্ষদ্বীপে মদ বিক্রির অনুমোদন, বিতর্কে ভারতের নতুন সিদ্ধান্ত

লক্ষদ্বীপে মদ বিক্রির অনুমোদন, বিতর্কে ভারতের নতুন সিদ্ধান্ত

প্রায় ৪৭ বছর পর ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপে নিয়ন্ত্রিতভাবে মদ বিক্রির পথ খুলে যাচ্ছে। লাইসেন্সধারী বিক্রয়কেন্দ্রের মাধ্যমে অ্যালকোহল বিক্রির অনুমতি দিতে কেন্দ্রীয় সরকার ১৯৭৯ সালের লক্ষদ্বীপ মদ্যপান নিষেধাজ্ঞা আইন বাতিল করেছে।

দীর্ঘদিন ধরে কার্যকর থাকা ওই আইনের ফলে পুরো দ্বীপপুঞ্জে মদ বিক্রি ও সেবন নিষিদ্ধ ছিল। তবে কাভারাত্তি ও বাঙ্গারাম দ্বীপের কিছু সরকারি বার এবং পর্যটন রিসোর্টের ক্ষেত্রে সীমিত পরিসরে ব্যতিক্রমী সুবিধা চালু ছিল।

গত ৫ জুন জারি করা এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আইনটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রশাসক সরকারি গেজেটে যে তারিখ ঘোষণা করবেন, সেদিন থেকেই নতুন বিধান কার্যকর হবে।

নতুন ‘লক্ষদ্বীপ আবগারি বিধিমালা ২০২৬’-এর আওতায় দীর্ঘদিনের নিষেধাজ্ঞাভিত্তিক ব্যবস্থার পরিবর্তে মদ সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য একটি নিয়ন্ত্রিত লাইসেন্স ব্যবস্থা চালু করা হচ্ছে। নতুন বিধিমালা অনুযায়ী, মদের উৎপাদন, সংরক্ষণ, আমদানি-রপ্তানি, পরিবহন, ক্রয়-বিক্রয় এবং ব্যবহারের মতো কার্যক্রম নির্দিষ্ট নিয়ম ও অনুমোদনের আওতায় পরিচালিত হবে।

এছাড়া সরকারি মালিকানাধীন কর্পোরেশন ও বিভিন্ন সংস্থা নির্ধারিত শর্ত পূরণ করে অ্যালকোহলযুক্ত পানীয় আমদানি এবং খুচরা পর্যায়ে বিক্রির লাইসেন্স গ্রহণের সুযোগ পাবে। এর মাধ্যমে লক্ষদ্বীপে মদ বিক্রি ও সরবরাহ ব্যবস্থাকে একটি আনুষ্ঠানিক ও নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে নতুন নীতিমালায় মদ বিক্রির অনুমতি দেওয়া হলেও করের হার তুলনামূলকভাবে বেশ উচ্চ রাখা হয়েছে। বিধিমালা অনুযায়ী, ইন্ডিয়ান মেড ফরেন লিকার (আইএমএফএল) ও আমদানিকৃত বিদেশি মদের ওপর ৪০০ শতাংশ আবগারি শুল্ক আরোপ করা হয়েছে। একইভাবে বিয়ারের ক্ষেত্রে ২০০ শতাংশ এবং ওয়াইনের ক্ষেত্রে ৮০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। তুলনামূলকভাবে দিল্লিতে আইএমএফএল, বিয়ার, ওয়াইন এবং বিদেশি মদের ওপর ২৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য।

তবে এই সিদ্ধান্তের অর্থ এই নয় যে লক্ষদ্বীপে অবাধে মদ বিক্রি ও সেবনের সুযোগ তৈরি হচ্ছে। নতুন বিধিমালায় মদ ক্রয়, বহন, সংরক্ষণ ও সেবনের ক্ষেত্রে বিভিন্ন নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা রাখা হয়েছে। প্রয়োজনে লক্ষদ্বীপের পুরো অঞ্চল বা নির্দিষ্ট কোনো এলাকায় মদ্যপান নিষিদ্ধ করার ক্ষমতাও প্রশাসকের হাতে থাকবে। এছাড়া ২১ বছরের কম বয়সী ব্যক্তিদের কাছে মদ বিক্রি বা সরবরাহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

আরব সাগরে অবস্থিত লক্ষদ্বীপ ৩৬টি দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ, যার মধ্যে মাত্র ১০টিতে স্থায়ী জনবসতি রয়েছে। এসব দ্বীপের মধ্যে আগাত্তি, আমিনি, আন্দ্রোত, বিত্রা, চেতলাত, কাদমাত, কালপেনি, কাভারাত্তি, কিলতান এবং মিনিকয় উল্লেখযোগ্য। এই অঞ্চলে ভ্রমণের জন্য ভারতীয় ও বিদেশি পর্যটকদের বিশেষ অনুমতিপত্র গ্রহণ করতে হয়। তবে বিদেশি পর্যটকদের চলাচল বর্তমানে আগাত্তি, বাঙ্গারাম ও কাদমাত—এই তিনটি দ্বীপের মধ্যেই সীমাবদ্ধ।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

Social Icons