মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ভারত সরকার হয়তো রাজনৈতিকভাবে দায়ভার নিতে চাচ্ছে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তার দাবি, এ কারণেই বিষয়টি ভারতের জুডিশিয়ারির ওপর দিয়ে দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, শেখ হাসিনার বিষয়ে ভারত সরকারের অবস্থান বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ভারত সরকার হয়তো রাজনৈতিকভাবে এর দায়ভার নিতে চাচ্ছে না। সে কারণে বিষয়টি জুডিশিয়ারির ওপর দিয়ে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, এটি শেখ হাসিনার জন্য খুব একটা সুখকর নয়। বাংলাদেশ শেখ হাসিনাসহ যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের প্রত্যেককে ফেরত চায়।
গণতন্ত্র মানে সমালোচনা গ্রহণের মানসিকতা
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, গণতন্ত্রে বিশ্বাস করা একটি মানসিকতার বিষয়। দীর্ঘ ১৭ বছর ধরে সমালোচনা শোনার মতো মানসিকতা ছিল না।
তিনি বলেন, গত ১৭ বছর সমালোচনা গ্রহণ করার মানসিকতা দেখা যায়নি। বর্তমান সরকারের গত ছয় মাসেও তেমন কোনো মানসিকতা প্রকাশ পায়নি।
আন্দালিব রহমান পার্থ বলেন, কাউকে বন্ধ করা বা থামিয়ে রাখার মানসিকতা সরকারের নেই। গণতান্ত্রিক পরিবেশে ভিন্নমত ও সমালোচনার সুযোগ থাকা প্রয়োজন।
‘সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব পালন করছি’
বর্তমান সরকারের দায়িত্ব পালন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে তারা দায়িত্ব পালন করছেন।
তার ভাষ্য, গত ১৭ বছরে দেশের পুরো সিস্টেম দুর্নীতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতি থেকে দেশকে বের করে আনতে সবার সহযোগিতা প্রয়োজন।
আন্দালিব রহমান পার্থ বলেন, দেশের বর্তমান সংকট কাটিয়ে একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে সরকারের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা দরকার।









