GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / অর্থনীতি ও বাণিজ্য / বাণিজ্য / সর্বজনীন পেনশন ব্যবস্থায় আসছে যেসব নতুন পরিবর্তন

সর্বজনীন পেনশন ব্যবস্থায় আসছে যেসব নতুন পরিবর্তন

দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পাওয়ায় বাড়ছে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা। তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা ও নির্ভরশীলতা কমাতে ২০২৩ সালের আগস্টে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে গত তিন বছরে এই ব্যবস্থায় সাড়া তুলনামূলক কম। এ সময়ে প্রায় ৩ লাখ ৮০ হাজার গ্রাহক নিবন্ধিত হয়েছেন এবং তাদের জমা করা অর্থের পরিমাণ ২৮৮ কোটি টাকার কিছু বেশি

এ পরিস্থিতিতে সর্বজনীন পেনশন স্কিমগুলোকে আরও আকর্ষণীয় করতে বিভিন্ন পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।

নতুন প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে রয়েছে পেনশন পাওয়ার বয়স ৬০ বছর থেকে কমিয়ে ৫৫ বছর করা। পেনশন চলাকালে কোনো গ্রাহকের মৃত্যু হলে তার নমিনি ৭৫ বছর বয়স পর্যন্ত মাসিক পেনশন পাবেন।

এ ছাড়া সরকারি চাকরিজীবী পেনশনভোগীর মৃত্যুর পর তার স্বামী বা স্ত্রী আজীবন পেনশন পাওয়ার সুবিধা চালুর প্রস্তাব রয়েছে। বেসরকারি ব্যাংক খাতের কর্মীদের জন্য বাধ্যতামূলক স্কিম চালুর বিষয়টিও প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে রয়েছে।

জমা হওয়া অর্থের বিপরীতে ঋণ সুবিধা চালুর পাশাপাশি ৫ বছর অর্থ জমা করার পর চাইলে পুরো টাকা তুলে নেওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। একই সঙ্গে পেনশনভোগীদের জন্য বীমা সুবিধা এবং সর্বজনীন পেনশনের শরিয়াহভিত্তিক সংস্করণ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান বলেন, আর্থিক ও প্রাতিষ্ঠানিকভাবে সর্বজনীন পেনশন ব্যবস্থাকে টেকসই করতে সরকারকে এটিকে একটি পেশাদারি প্রকল্প হিসেবে বিবেচনা করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, প্রস্তাবিত সুবিধাগুলো বাস্তবায়নের কাঠামো এবং আর্থিক সুযোগ-সুবিধা বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে কি না, সেগুলো গুরুত্বপূর্ণ বিষয়।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সভায় এসব পরিবর্তন অনুমোদনের কথা রয়েছে। অনুমোদন পাওয়া গেলে আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন সুবিধাগুলো চালু করা হবে বলে জানা গেছে।

Social Icons