বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি সরাসরি উপস্থিত হয়ে তাঁর পদত্যাগপত্র জমা দেন।
স্পিকার বরাবর দেওয়া লিখিত পদত্যাগপত্রে ফেরদৌসী আহমেদ মিষ্টি উল্লেখ করেন, “আমি নিম্ন স্বাক্ষরকারী ফেরদৌসী আহমেদ, ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য (সংরক্ষিত মহিলা আসন-২৩) পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।” একই সঙ্গে তিনি পদত্যাগপত্রটি গ্রহণ করে তা কার্যকর করার অনুরোধ জানান।
এদিন জাতীয় সংসদ ভবনে প্রায় ১৫ মিনিট অবস্থান করেন তিনি। সংসদে প্রবেশের সময় তাঁর হাতে একটি ফাইল থাকলেও বের হওয়ার সময় তা ফাঁকা ছিল।
পদত্যাগপত্র হস্তান্তরের পর সাংবাদিক ও গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি জানান, স্পিকারের আহ্বানে সাড়া দিয়ে তিনি সাক্ষাত করেছেন এবং নিজের বিষয়ে সরাসরি কথা বলেছেন।
