দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়। ওইদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। ফলে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এই দামেই ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুস জানিয়েছে, তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
আজকের স্বর্ণের দাম
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি:
- ২২ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা
- ২১ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা
- ১৮ ক্যারেট স্বর্ণ: ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা
- সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা
২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৯ টাকা কমিয়ে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের দাম ৯৩৩ টাকা কমিয়ে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭০০ টাকা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
মজুরি ও ভ্যাট নিয়ে বাজুসের নির্দেশনা
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।
পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন স্বর্ণের বিক্রয়মূল্য কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস।





