২০২৭ সালের (১৪৪৮ হিজরি) পবিত্র হজ কার্যক্রমের রোডম্যাপ প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে প্রকাশিত রোডম্যাপে হজ নিবন্ধন, চুক্তি, ভিসা ইস্যু এবং ফ্লাইট পরিচালনাসহ বিভিন্ন কার্যক্রমের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত একটি অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
এ সময় সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ বাংলাদেশের ধর্মমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে হজের রোডম্যাপ হস্তান্তর করেন।
হজের গুরুত্বপূর্ণ সময়সূচি
প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী, ২০২৬ সালের ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি সই হবে। ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হওয়ার কথা রয়েছে।
হজযাত্রীদের নিয়ে ফ্লাইট পরিচালনা শুরু হবে আগামী বছরের ৮ এপ্রিল। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে, অর্থাৎ ৯ জিলহজ পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।
নুসুক মাসারে অর্থ স্থানান্তর ও সেবা চুক্তি
সৌদি আরবের বিভিন্ন সেবার ব্যয় নুসুক মাসার প্ল্যাটফর্মের ই-ওয়ালেটে সরাসরি স্থানান্তরের কার্যক্রম চলবে ২০২৬ সালের ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত।
নুসুক মাসারের মাধ্যমে হজযাত্রীদের জন্য তাঁবু, সার্ভিস প্যাকেজ, মক্কা ও মদিনার হোটেল, খাবার এবং পরিবহনসহ প্রয়োজনীয় সেবার চুক্তি সম্পন্ন করা হবে। এসব চুক্তি সইয়ের কার্যক্রম ২০২৬ সালের ২৯ জুলাই শুরু হয়ে ২০২৭ সালের ২৩ জানুয়ারি শেষ হবে।
যাত্রীদের তথ্য আপলোডের সময়সীমা
হজযাত্রীদের প্রয়োজনীয় তথ্য ২০২৬ সালের ১৪ আগস্ট থেকে ২০২৭ সালের ২৮ জানুয়ারির মধ্যে নুসুক মাসার সিস্টেমে আপলোড করতে হবে।
অন্যদিকে হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইনসের সঙ্গে চুক্তি এবং নুসুক মাসারে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার কার্যক্রম ২০২৬ সালের ২৯ জুলাই থেকে ৮ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে।
ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে হজসংক্রান্ত সব প্রস্তুতি ও কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।







