দেশজুড়ে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। একই সঙ্গে বিগত সরকার টিকা রেখে না যাওয়ায় বর্তমান সংকট তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ধানমন্ডির উইমেন্স কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী জানান, ইতোমধ্যে হামের টিকার একটি বড় চালান দেশে এসে পৌঁছেছে। চলতি মাসের ১৭ সেপ্টেম্বর আরও একটি বড় চালান দেশে আসবে।
হামে মৃত্যুর ঘটনায় বর্তমান সরকারের কোনো দায় নেই বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী।
এদিকে ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন সরদার শাখাওয়াত হোসেন। তিনি বলেন, যে দেশে প্রতি গজে পানি জমে থাকে, সেই দেশে মশা আটকানো সম্ভব নয়।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ঢাকার বাইরে প্রতি হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তবে ডেঙ্গু আক্রান্ত হলেই অনেকে ঢাকায় চলে আসেন।
রোগীদের ঢাকায় পাঠানোর বিষয়ে মন্ত্রী বলেন, অনেক রোগীর অভিযোগ অনুযায়ী ডাক্তাররাই তাদের ঢাকায় পাঠিয়ে দেন। এর কারণ হিসেবে তিনি বলেন, ডাক্তারদের মধ্যেও এক ধরনের ভীতি কাজ করে, যার কারণে তারা রোগীদের ঢাকায় পাঠিয়ে দেন।


