বরগুনার পাথরঘাটায় ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ ১৫ হাজার ৯৩০ টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে নিলামের মাধ্যমে মাছটি কিনে নেয় মেসার্স নিউ আল আমিন ফিস।
মাছটি পাথরঘাটা উপজেলা সংলগ্ন বলেশ্বর নদীতে জেলে আলতাফ হোসেন মাঝির জালে ধরা পড়ে। রাতে মাছটি ধরার পর সকালে বিক্রির জন্য বিএফডিসি মৎস্য ঘাটে নিয়ে আসা হয়।
নিলামে নিউ আল আমিন ফিসের পলাশ নামের এক পাইকার ২ লাখ ৩৬ হাজার টাকা মণ দরে মাছটি কিনে নেন। মাছটির মোট দাম হয় ১৫ হাজার ৯৩০ টাকা।
বিএফডিসি মৎস্য ঘাটের পাইকার ইমরান হোসেন রিফাত বলেন, গত বছরের তুলনায় চলতি মৌসুমে বড় আকারের ইলিশের সংখ্যা তুলনামূলক কম। এর মধ্যেও জেলের জালে ২ কেজি ৭০০ গ্রামের রাজা ইলিশ ধরা পড়ায় তারা খুশি। মাছটি পরে খুলনার বাজারে নিয়ে বিক্রি করা হবে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও এখন বড় ইলিশ পাওয়া যাচ্ছে।
তবে তিনি জানান, জেলেরা এখনো আশানুরূপ মাছ পাচ্ছেন না। সামনে আরও বেশি ইলিশ ধরা পড়বে বলে আশা করছেন তিনি।
