GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / লাইফ স্টাইল / ৬০ পেরিয়েও কীভাবে এত ফিট নীতা? রহস্য জানালেন নিজেই

৬০ পেরিয়েও কীভাবে এত ফিট নীতা? রহস্য জানালেন নিজেই

বয়স ৬০ পেরিয়েছে, কিন্তু এখনও চনমনে ও সক্রিয় নীতা আম্বানি। কখনও ক্রিকেট মাঠে খেলোয়াড়দের উৎসাহ দিতে, আবার কখনও মঞ্চে নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করতে দেখা যায় তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ফিটনেস রুটিন ও খাদ্যাভ্যাসের কথা জানিয়েছেন ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি।

নীতা আম্বানির কাছে ফিটনেস মানে শুধু জিমে গিয়ে শরীরচর্চা করা নয়। বরং প্রতিদিনের জীবনযাপনে স্বাস্থ্যকর অভ্যাস ধরে রাখাকেই তিনি গুরুত্ব দেন।

তিনি জানান, সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন শরীরচর্চা করেন। প্রতিদিন একই ব্যায়াম না করে শরীরের বিভিন্ন অংশের ওপর গুরুত্ব দিয়ে রুটিন পরিবর্তন করেন। তার সবচেয়ে পছন্দের ব্যায়ামের দিন হলো লেগ ডে

এ প্রসঙ্গে নীতা বলেন, ‘লেগ ডে আমার সবচেয়ে প্রিয়। একজন নৃত্যশিল্পী হিসাবে আমার পা দুটো শক্তিশালী হওয়া ভীষণ জরুরি।’

মাত্র ছয় বছর বয়স থেকেই ভরতনাট্যম শেখা শুরু করেন নীতা। তার ফিটনেসের ভিত্তি গড়ে উঠেছে নাচের মাধ্যমেই। তাই শরীরচর্চার পাশাপাশি প্রতিদিন প্রায় এক ঘণ্টা নাচের অনুশীলন করেন তিনি।

তার ফিটনেস রুটিনে শক্তি বাড়ানোর ব্যায়ামের পাশাপাশি যোগব্যায়াম, নমনীয়তা বাড়ানোর অনুশীলন, পেটের পেশি শক্ত করার ব্যায়াম, সাঁতার ও পানিতে শরীরচর্চা রয়েছে। প্রতিদিন ৫ হাজার থেকে ৭ হাজার পা হাঁটাও তার নিয়মিত অভ্যাসের অংশ।

ফিট থাকার ক্ষেত্রে খাদ্যাভ্যাসকেও গুরুত্ব দেন নীতা। তিনি পুরোপুরি নিরামিষভোজী এবং প্রাকৃতিক ও জৈব খাবারকে প্রাধান্য দেন।

নিজের খাদ্যাভ্যাস সম্পর্কে নীতা বলেন, ‘আমার ডায়েট খুব সুষম। আমি নিরামিষ খাই। আমি অর্গানিক খাবারই বেশি খাই।’

তিনি আরও জানান, খাবারে প্রোটিনের পরিমাণ নিয়েও সচেতন থাকেন। পাশাপাশি চিনি ও চিনির বিকল্প দুটিই এড়িয়ে চলেন।

নীতার মতে, ফিটনেস শুধু শারীরিকভাবে সুস্থ থাকার বিষয় নয়, এটি মানসিকভাবে ভালো থাকারও একটি অংশ। তার ভাষ্য, ব্যায়াম মানসিক চাপ কমায়, এন্ডোরফিনের ক্ষরণ বাড়ায় এবং মন চাঙ্গা রাখতে সাহায্য করে।

বয়স সম্পর্কে নিজের দর্শন তুলে ধরে নীতা বলেন, ‘এটা বয়সের সঙ্গে লড়াই করার বিষয় নয়, বয়সকে আপন করে নেয়ার বিষয়।’

নাতি-নাতনিদের সঙ্গে দৌড়ে বেড়ানোর মতো সহনশক্তি ধরে রাখাও তার ফিট থাকার অন্যতম অনুপ্রেরণা। অন্যদের উদ্দেশে তার পরামর্শ, নিজের জন্য সময় বের করে নিজেকে গুরুত্ব দেওয়া এবং ছোট পরিসর থেকেই শরীরচর্চা শুরু করা। তার পরামর্শ অনুযায়ী, শুরুটা হতে পারে দিনে মাত্র ৩০ মিনিট, সপ্তাহে চারদিন

Social Icons