কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা ও তিন নারীসহ আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন উখিয়ায় দায়িত্ব পালনরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপ-অধিনায়ক পুলিশ সুপার আসাদুজ্জামান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কুতুপালং ক্যাম্প-৮ ইস্টের বি-৪০ ও বি-৪১ ব্লক এলাকায় গোলাগুলি শুরু হয়। ক্যাম্পের বাসিন্দারা জানান, ওই সময় শতাধিক গুলির শব্দ শোনা যায়। এতে ক্যাম্পজুড়ে আতঙ্ক তৈরি হয়। নিরাপত্তার জন্য অনেক বাসিন্দা ঘর থেকে বেরিয়ে আসেন।
গোলাগুলির সময় মাথায় গুলিবিদ্ধ হয় পাঁচ বছরের মোজাহেদ। সে ক্যাম্পের বাসিন্দা নূর আলমের ছেলে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় মোজাহেদের মা তাহেরা বেগমসহ আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন। তাঁদের কয়েকজনকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্যদের মধ্যে সংঘর্ষের জেরে এ গোলাগুলি হয়েছে। তবে গোলাগুলির সুনির্দিষ্ট কারণ এবং এতে কারা জড়িত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।









