২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে প্রস্তুতি শুরু করেছেন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট ও এমআইএসটির ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত সূচি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা হবে ২০২৬ সালের ডিসেম্বরে। অন্যদিকে রাজশাহী, জগন্নাথ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কুয়েটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে।
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর। ওই দিন আইবিএ ইউনিটের পরীক্ষা হবে।
এরপর ১২ ডিসেম্বর ‘এ’ ইউনিট, ১৯ ডিসেম্বর ‘বি’ ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ‘সি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।
ঢাবিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে ১১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ৮ জানুয়ারি ২০২৭। প্রথম দিন ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটটি ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত।
৯ জানুয়ারি ‘সি’ ইউনিটের এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। যথাক্রমে ‘সি’ ইউনিট বিজ্ঞান এবং ‘এ’ ইউনিট মানবিক শাখার জন্য।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন করা যাবে ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারি। প্রথম দিন ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এরপর ৮ জানুয়ারি ‘ই’ ইউনিট, ১৫ জানুয়ারি ‘বি’ ইউনিট, ২২ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হবে ১৫ নভেম্বর দুপুর ১২টায়। আবেদন চলবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ২৯ জানুয়ারি। প্রথম দিন ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩০ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে। এরপর ৩ ফেব্রুয়ারি ‘বি১’, ৪ ফেব্রুয়ারি ‘বি২’, ৫ ফেব্রুয়ারি ‘বি’, ৬ ফেব্রুয়ারি ‘ডি’ এবং ৮ ফেব্রুয়ারি ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।
‘বি১’, ‘বি২’ ও ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। অন্য ইউনিটগুলোর পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন করা যাবে ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।
খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ ডিসেম্বর।
১৭ ডিসেম্বর ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে। পরদিন ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা।
কুয়েট
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ জানুয়ারি ২০২৭।
এবার পরীক্ষার্থীদের সুবিধার জন্য খুলনা, ঢাকা ও রাজশাহী—এই তিন বিভাগীয় শহরে একযোগে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এমআইএসটি
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা হবে ১৮ ও ১৯ ডিসেম্বর।
১৮ ডিসেম্বর ‘সি’ ইউনিট এবং ১৯ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবার দেশের সাতটি বিভাগীয় শহরে এমআইএসটির ভর্তি পরীক্ষা নেওয়া হবে। শহরগুলো হলো ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ।
সময়সূচি পরিবর্তনের সুযোগ রয়েছে
প্রকাশিত সময়সূচির মধ্যে যেসব পরীক্ষা এখনো চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত হয়নি, সেগুলো পরিবর্তিত হতে পারে। তাই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি ও অফিসিয়াল নোটিশ নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।









