দুর্নীতির অভিযোগে সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হকের ১৮টি জমি ও ২টি টয়োটা গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে তার নামে থাকা ৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক পাপন কুমার সাহার করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, রেলপথ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে ৭ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৩৫১ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন মুজিবুল হক।
এ ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।
মামলার তদন্তে দুদক দেখতে পেয়েছে, মুজিবুল হকের নামে থাকা এবং তার স্বার্থসংশ্লিষ্ট কিছু স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করা হচ্ছে।
দুদকের আশঙ্কা, মামলা নিষ্পত্তির আগে এসব সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।
এ কারণে তদন্ত ও মামলা নিষ্পত্তির স্বার্থে আদালতের কাছে সম্পত্তি জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত এ নির্দেশ দেন।
