হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা ও ওপেন হার্ট সার্জারির পর দীর্ঘ কয়েক মাস অভিনয় থেকে দূরে ছিলেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। কঠিন সেই সময় পেরিয়ে এবার আবারও ক্যামেরার সামনে ফিরেছেন তিনি। দীর্ঘ বিরতির পর শুটিংয়ে ফিরে নিজেকে পুরোপুরি সুস্থ মনে হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা।
লিটু করিম পরিচালিত ‘লোভী মন’ নাটকের মাধ্যমে নাটকের শুটিংয়ে ফিরেছেন বাবু। গত শনিবার নাটকটির শুটিং শেষ করেছেন তিনি। এতে তার সঙ্গে অভিনয় করেছেন রওনক হাসান, ফারজানা ছবিসহ আরও অনেকে।
দীর্ঘদিন পর শুটিং সেটে ফিরে উচ্ছ্বসিত বাবু। চেনা পরিবেশ, সহশিল্পীদের সঙ্গে দেখা ও আড্ডা সব মিলিয়ে পুরোনো ছন্দে ফেরার আনন্দ পেয়েছেন তিনি।
বাবু বলেন, ‘দীর্ঘদিন ধরে নিয়মিত অভিনয় করেছি। অসুস্থতার কারণে এবার সেই অভিনয় থেকে দূরে থাকতে হয়েছে। ‘লোভী মন’ দিয়ে নাটকের শুটিংয়ে ফিরলাম।’ দীর্ঘদিন পর সহশিল্পীদের সঙ্গে দেখা ও আড্ডা হওয়ায় ভালো লেগেছে বলেও জানান তিনি।
চেনা মানুষ ও পরিবেশকে নিজের আরেকটি পরিবারের সঙ্গে তুলনা করে বাবু বলেন, ‘মনে হলো, ঘরে ফিরে এলাম।’
গত ফেব্রুয়ারিতে হৃদ্রোগে আক্রান্ত হন ফজলুর রহমান বাবু। দুই সপ্তাহের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার ওপেন হার্ট সার্জারি করা হয়। এরপর শারীরিক সুস্থতার জন্য নিয়মিত অভিনয় থেকে বিরতিতে ছিলেন তিনি।
অসুস্থতার পর সিনেমার প্রচারণায় অংশ নিলেও এতদিন নাটকের শুটিংয়ে ফেরেননি বাবু। গত ১৭ জুলাই মুক্তি পাওয়া ‘মাস্তুল’ সিনেমার প্রচারণায় দেখা গেছে তাকে। এবার নাটকের কাজেও ফিরলেন তিনি। পাশাপাশি একটি ওভিসির শুটিং নিয়েও ব্যস্ত রয়েছেন এই অভিনেতা।
অসুস্থতার সময়ে যারা তার খোঁজখবর নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাবু। সবার কাছে দোয়া চেয়ে তিনি জানিয়েছেন, সুস্থ থেকে আবারও নিয়মিত কাজ করে যেতে চান।
